মিতা নূরের সংগীতসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান করেন শিল্পী মিতা নূর
গান করেন শিল্পী মিতা নূর

হারানো দিনের বাংলা-হিন্দি গান শুনিয়ে দর্শক মাতালেন শিল্পী মিতা নূর। ১০ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলানায়তনে ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’ শিরোনামে একক সংগীতানুষ্ঠানে দর্শকের মাঝে সুরের আবেশ ছড়ালেন তিনি। চট্টগ্রাম সিটিজেন ক্লাব লিমিটেড এই সংগীতসন্ধ্যার আয়োজন করে।
বিজয়ের মাসে দেশাত্মবোধক গান ‘সব কটা জানালা খুলে দাও না’ গেয়ে আসর শুরু করেন মিতা। তারপর একে একে গাইলেন গীতা দত্তের গাওয়া ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়’, শাহানাজ রহমতউল্লাহর ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, সেলিনা আজাদের ‘মনেরই রঙে রাঙাবো’, সাবিনা ইয়াসমিনের ‘ইশারায় শিস দিয়ে’, চিত্রা সিংয়ের ‘কথা ছিল দেখা হবে’সহ মোট আটটি গান।
সংগীতানুষ্ঠানে অতিথি ছিলেন দেশবরেণ্য সতশিল্পী এন্ড্রু কিশোর ও শিল্পী রিজিয়া পারভিন।
আঁখি মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জসীম সিকদার, রূপম চক্রবর্তী, গিয়াস উদ্দিন প্রমুখ ।
দ্বিতীয় পর্বের শিল্পী করেন আটটি হিন্দি গান। উপমহাদেশের প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া ‘কাভি কাভি মেরে দিল মে’, ‘তেরে বিনা জিন্দেগি’, ‘যশোমতী মইয়া’ শিরোনামের গানগুলো শুনিয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি।
শিল্পী শেষ করেন কিশোর কুমারের জনপ্রিয় গান ‘শুন চম্পা, শুন তারা’ গানটির মাধ্যমে। অনুষ্ঠানে কিবোর্ডে ছিলেন অসীম ও গৌতম, তবলায় রাজীব, বেজ গিটারে শাহজাহান, লিড গিটারে জুলিয়াস, অক্টোপ্যাডে রনি ও পারকিউশন বাজান সজল।