মিথ্যা আনন্দের কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

রাত একটার পর প্রতিদিন কেন জানি ইন্টারনেটের সংযোগ চলে যায় আমার। আর নেটে ঢুকতে পারি না। রহস্যময় ব্যাপার। তখন কবিতা লিখতে বসি। মধ্যরাতে কোনো আনন্দের কবিতা আসার কথা না। মধ্যরাতের কবিতা হয় বিষাদের, গাঢ় বিষাদ। বেশ কয়েক দিন ধরেই লিখছি। প্রিয়তমা টাইপ কবিতা।
প্রতিদিন দুই লাইন করে লিখি। এর বেশি লিখতে পারি না। কবিতার নামও এখনো দেওয়া হয়নি। খুব ভেবেচিন্তে ‘প্রিয়তমেষু’ টাইপের কিছু একটা দিতে হবে। আজকাল সবকিছু চলে নামের ওপর।
ছোট একটা উদ্দেশ্য অবশ্য আছে কবিতা লেখার। শেষ হলে একজনকে উৎসর্গ করা হবে। কবিতাটা সে না পড়েই বলবে, ‘বাহ্, সুন্দর লিখেছ তো! তোমার কবিতাটা পেয়ে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে।’
আসল ঘটনা তা না। আমার কবিতা তার ভালো লাগবে না, এটা মোটামুটি শিওর। এসব কবিতায় ভালো লাগার কিছু নেই। কথাটা সে আমাকে খুশি করার জন্য বলবে। কিছু মিথ্যা শুনতেও আনন্দের।
আমার পরিচিত এক লোক একবার এক প্রকাশকের কাছে কবিতার বই বের করতে গিয়েছিলেন স্ক্রিপ্ট নিয়ে। প্রকাশক তাঁর কাছ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা নিলেন। তারপর তাঁর স্ক্রিপ্ট না পড়েই বললেন, ‘ভাই, আপনার লেখার হাত অসাধারণ। আপনি কয়েক দিনের মধ্যে দেশের প্রথম সারির পয়েট হয়ে যাবেন। ভালো দেখে একটা কলম কিনে এখনই অটোগ্রাফ দেওয়া প্র্যাকটিস করুন।’
এই কথা শুনে কবি ভদ্রলোক লজ্জায় লাল হয়ে গেলেন। তাঁর চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেল। তিনি ঘুণাক্ষরেও টের পেলেন না যে প্রকাশক এখনো তাঁর কবিতা পড়েনইনি। এমন দু-একটি মিথ্যা কথা অবশ্য দরকার আছে। এগুলো না থাকলে জীবন চলবে না।
আমার কবিতাটার এইমাত্র একটা নাম পাওয়া গেল। ‘মিথ্যা আনন্দের কাব্য’। অজস্র মিথ্যায় ভরা এই কাব্যে শুধু জীবনের ব্যাকরণটা সত্য। আমরা অসংখ্য মিথ্যা দিয়ে একটি সত্যকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই সত্য একসময় মাথা তুলে দাঁড়ায়, আমাদের বাঁচিয়ে রাখে।
জন রাসেল