মিথ্যা আশ্বাসে সম্পর্ক বিচ্ছেদে করুণ সমাপ্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে তাসনিম শারমিনকে (ছদ্মনাম) ভালোবেসে বিয়ে করেন রাজিব হাসান (ছদ্মনাম)। শুরুর দিকে ভালোই কাটছিল তাঁদের দিন। পরে রাজিবের আচরণ পরিবর্তন হতে থাকে। বেরিয়ে আসে আসল রূপ। দুর্বিষহ হয়ে ওঠে তাঁদের দাম্পত্য জীবন। ফলে সাত মাসের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তাসনিম। এ বিষয়ে শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান বিচ্ছেদের আবেদন কার্যকর করেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো:প্রথমপক্ষ তাসনিম শারমিন (ছদ্মনাম) তাঁর বাবা হাসান ইমামকে প্রতিনিধি নিযুক্ত করেন। হাসান ইমাম সালিসি পরিষদে এসে বলেন, ‘স্যার, আমার মেয়েকে মিথ্যা তথ্য ও প্রলোভন দেখিয়ে রাজিব বিয়ে করেছে। ছেলেটি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যে বলেছে। ও মূলত বেকার এবং বখাটে ধরনের। তালাকের চিঠির বিষয়ে জানার পরও একটি বারের জন্য ছেলেটি সালিসি পরিষদে হাজির হয়নি। এমনকি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারায় যে দরখাস্ত ছেলেটি করেছে, সেখানেও সে আপস-মীমাংসার জন্য যায়নি। এই ছেলেটি একটা নাকফুল পর্যন্ত আমার মেয়েকে দেয়নি।’এ সময় হাসান ইমামের কণ্ঠ থেকে চরম হতাশা ও কষ্ট ঝরে পড়ছিল। তাঁর চোখ ছলছল করছিল। চেহারায় যেন কালো মেঘের ছায়া পড়েছে। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিয়ে মেয়েকে বলেন, ‘তোমার বক্তব্য বলো।’ সালিসি পরিষদের উদ্দেশে তিনি বলেন, ‘স্যার, এবার আমার মেয়ের বক্তব্য শুনুন।’শারমিন বলেন, ‘আমি না বুঝে তাকে (রাজিব) বিয়ে করেছি। ও আসলে কিছু করে না, বেকার। আমাকে অনেক মিথ্যে আশ্বাস দিয়ে বিয়ে করেছে। ওর আসল রূপ দেখলে কখনো তাকে বিয়ে করতাম না।’আদেশে বলা হয়, তালাকসংক্রান্ত চিঠি, হলফনামা ও কাবিননামা পর্যালোচনা এবং মেয়ে ও মেয়ের বাবার বক্তব্য বিবেচনায় মনে হয়েছে, শারমিন প্রতারণার শিকার। এই প্রতারণা তাঁর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ জীবন গঠনে অনেকখানি ক্ষতি করেছে। বক্তব্য দেওয়ার সময় শারমিনকে অত্যন্ত মার্জিত ও বিনয়ী মনে হয়েছে। কাবিননামায় তাঁর বয়স ১৮ লেখা হলেও তাঁকে আরও কমবয়সী মনে হয়েছে। স্বল্প বয়সী সহজ-সরল এই কিশোরী জীবনের শুরুতেই পৃথিবীর কঠিন একটি রূপ মেয়েটি দেখে ফেলেছে, যা কখনো কাম্য ছিল না। তবে সালিসি পরিষদ আশা করে আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী এই কিশোরী কঠিন ধকল কাটিয়ে উঠতে সক্ষম হবে।যা-ই হোক, এই তালাক কার্যক্রমের পূর্বাপর ঘটনা অনুধাবন করার চেষ্টা করলে সহজে বোঝা যায়, আমাদের সমাজ ধীরে ধীরে বিভিন্ন অসংগতির অতল গহ্বরে তলিয়ে যাচ্ছে। মানব চরিত্রের নির্মমতা, নিষ্ঠুরতা কিংবা শঠতার মতো কুটিল-পাশবিক দিকগুলো দিনে দিনে যেন নির্লজ্জভাবে অতিমাত্রায়, অনিয়ন্ত্রিত আকারে বেড়েই চলেছে।বিদগ্ধ এবং সমাজ নিয়ে চিন্তিত কবি হাবীবুল্লাহ সিরাজী হয়তো সেদিকেই ইঙ্গিত করছেন। এতে বলা হয়, ‘কুমিরেরা ভালোবাসে জল।/ জলের হিমার্ত স্বাদ/ তারা আজীবন পেতে চায়।/ মানুষেরা ভালোবাসে ছল।/ ছলনা মিশিয়ে পথে/ কাঁটাতারে তৈরি করে ঘর।/ কিন্তু আজ কুমির মানুষে বড় বেশি গলাগলি ভাব,/ চরিত্রে বৈশিষ্ট্যে মিল/ উভয়ে বসত করে আধুনিক চিড়িয়াখানায়।’ নথি পর্যালোচনায় দেখা যায়, ইতিমধ্যে বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। সার্বিক বিবেচনায়-সালিসি পরিষদের রীতি অনুসারে পারিবারিক মুসলিম অধ্যাদেশের ১৯৬১-এর ৭(৩) ধারায় আনুষ্ঠানিকভাবে তালাক কার্যকর করা হলো।