খাগড়াছড়ির দীঘিনালায় একটি পরিবারের সদস্যদের বিরুদ্ধে নানা রকম মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকজনকে হয়রানি করার অভিযোগ উঠেছে। পরিবারটির এ অপকর্মের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় জনসাধারণ। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, ভুক্তভোগী মৃদুল কান্তি সেন অভিযোগ করে বলেন, ‘কাঁঠালতলী আদর্শ গ্রামের সুফিয়া খাতুন, তাঁর মেয়ে জ্যোৎস্না বেগম ও জ্যোৎস্নার স্বামী মো. সেলিম সাধারণ মানুষকে মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।’ তিনি জানান, জ্যোৎস্না বেগম তাঁর স্বামী সেলিমকে অন্যত্র লুকিয়ে রেখে ২০১০ সালের ১৩ এপ্রিল কয়েকজনের বিরুদ্ধে অপহরণ মামলা করেন। এই মামলায় কয়েকজন জেলও খেটেছেন। অথচ পুলিশি তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আশীষ বরণ বড়ুয়া বলেন, ‘আমি ইউপি সদস্য থাকার সময় সুফিয়ার সঙ্গে কারও বিরোধ হলে তা নিষ্পত্তির জন্য গ্রাম্য সালিসের মাধ্যমে সমঝোতা করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। উল্টো সে আমাকে মামলার আসামি করেছে।’সুফিয়ার ঘনিষ্ঠ আত্মীয়রাও তাঁর বিরুদ্ধে হয়রানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছেন।’সুফিয়ার বড়বোন রহিলা বেগম বলেন, ‘ও (সুফিয়া) আমার বোন নয়, কলঙ্ক। মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকেও জেল খাটাতে দ্বিধাবোধ করেনি সে।’ পুলিশ সূত্র জানায়, সুফিয়া পরিবারের ব্যবসাই হলো সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় করা। তাঁর মেয়ে জ্যোৎস্না বেগমের স্বামী সেলিমের কাছে অনেকে টাকা পাবেন। কিন্তু তাঁকে অন্যত্র লুকিয়ে রেখে স্থানীয় ছয়জনের বিরুদ্ধে অপহরণ মামলা দেওয়া হয়েছে। তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়েছে। এরপর অপহরণ মামলার জের টেনে আরেকটি হত্যা মামলা করতে গেলে আদালত তা খারিজ করে দেন। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন বলেন, ‘পুলিশ দীর্ঘদিন তদন্ত করে জানতে পারে, অপহরণের ঘটনাটি সাজানো। মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া গ্রামে এক ব্যক্তির বাড়িতে বসে এ অপহরণ মামলার ঘটনা সাজানো হয়। ২১ মে সুফিয়া, তাঁর মেয়ে জ্যোৎস্না বেগম ও ছেলে শহিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডের আবেদন করা হলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।’ পুলিশ জানায়, ২৩ মে রিমান্ড শেষ হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা মিথ্যা মামলা দিয়ে লোকজনকে হয়রানি করা এবং সেলিম অপহরণের ঘটনাটি মিথ্যা বলে স্বীকার করেছে। এদিকে সুফিয়া ও তাঁর পরিবারের সদস্যদের হয়রানিমূলক অপকর্মের প্রতিবাদ জানিয়ে ২৩ মে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ব্যক্তিরাসহ স্থানীয় দুই শতাধিক পরিবারের সদস্য।