মিনামিসোমার দীর্ঘ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ২০১১ সালের বিধ্বংসী সুনামিখ্যাত ফুকুশিমা এলাকার শহর মিনামিসোমা। ভূমিকম্প ও সুনামির জোড়া আঘাতে বিপর্যস্ত দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৫ কিলোমিটার উত্তরে এর অবস্থান। তবে মিনামিসোমার কিছু জায়গা পরমাণু বিপর্যয়ের কারণে প্রবেশ নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে পড়েছে।অন্যান্য এলাকার মতো এখানেও পুনর্গঠনের কাজ চলছে। মিনামিসোমার শহরতলিতে নির্মাণসামগ্রী আনা-নেওয়ার কাজে ব্যবহূত ট্রাকের শব্দ শোনা যায় বহু দূর থেকে। কারণ, শব্দ যে বাধা পাবে, তেমন কিছু আশপাশে নেই। সুনামিতে মিনামিসোমার বহু বাড়ি বিধ্বস্ত হয়েছে। অসংখ্য গাছপালা উপড়ে গেছে। তাকালে চারদিক খা খা করে।গত মার্চের ওই প্রাকৃতিক বিপর্যয় মিনামিসোমার ব্যাপক ক্ষতি করেছে। তবে ধ্বংসযজ্ঞের মধ্যেও চোখে পড়ে প্রকৃতির খামখেয়ালি। শহরটির প্রান্তঘেঁষা সড়কটির একদিকে সব পুরোপুরি বিধ্বস্ত। অন্যদিকের বাড়িগুলো অক্ষত। সাওরি মোতেত নামে এক নারীর বাড়িটি এ রকম রক্ষা পাওয়া বাড়িগুলোর একটি। কাকতালীয়ভাবেই মোতেত পরিবার তাঁদের ঘরটি একটু উঁচু জায়গায় নির্মাণ করেছিল। সুনামির প্রথম ঢেউটি যখন আঘাত হানে, তখন একটি মাছ ধরা ট্রলার এর দেয়ালে গিয়ে ঠেকে থাকে। সম্ভবত এতেই বাড়িটি পরের ঢেউয়ের আঘাত থেকে রক্ষা পায়।ধ্বংস হওয়া ঘরবাড়ি নতুন করে তোলা ছাড়াও দুর্যোগকবলিত এলাকার মানুষকে ভাবতে হচ্ছে তেজস্ক্রিয় দূষণের বিষয়টি নিয়ে। ফুকুশিমার প্রবেশ নিষিদ্ধ অঞ্চলের সামান্য বাইরেই মিনামিসোমার একটি নার্সারি স্কুল। তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়া ঠেকাতে স্কুলের প্রধান শিক্ষিকা চিকো নাকাই নিজে স্কুল ভবনের ছাদ ধুয়ে ফেলার কাজে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করেন। এ ছাড়া যন্ত্রের সাহায্যে স্কুলের মাঠের ওপরের পাঁচ সেন্টিমিটার পর্যন্ত দূষিত মাটির স্তর অপসারণ করা হয়েছে। সার্বিকভাবে মিনামিসোমা শহরকে তেজস্ক্রিয়তা থেকে মুক্ত করার কাজ খুবই ধীরগতিতে চলছে। ওই স্কুলের পর স্বেচ্ছাসেবকেরা স্থানীয় আমানো পরিবারের বাড়ি পরিষ্কার করার কাজ শুরু করেন। বাড়িটির বাগানে কাজ করতে গিয়ে স্বেচ্ছাসেবকেরা দেখেন, সেখানে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেশি। শহরের হাজার হাজার বাড়ির মধ্যে শুধু আমানোর বাড়ির কাজ শেষ করতেই ২০ জনের দুই দিন সময় লেগে গেল। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব দিচ্ছেন কুনিহিরো ইয়োশিহিদা। তাঁদের অনেকে দেশের বিভিন্ন প্রান্তে থাকেন। চাকরি থেকে ছুটি নিয়ে জনসেবা করতে এসেছেন। ফুকুশিমার দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো) থেকে ক্ষতিপূরণের যে অর্থ পাওয়া গেছে তা দিয়ে দূষণমুক্ত করার যন্ত্রপাতি কিনেছেন তাঁরা।কুনিহিরো বলেন, ‘শহরের হাজার হাজার বাড়ির সবগুলো আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। কিন্তু সরকারের কাজ খুব ধীরগতিতে চলছে। আমরা তাই জরুরি সেবা দিতে এগিয়ে এসেছি।’আমানোদের বাড়ির পরেই একটি খালি জায়গা। সেখানে স্বেচ্ছাসেবকেরা তেজস্ক্রিয়াদুষ্ট পাথর ও আবর্জনা স্তূপ করছেন। লোকজন যাতে দূরে থাকে সেজন্য একটি হলুদ ড্রামে তেজস্ক্রিয়ার বিপজ্জনক চিহ্ন আঁকা হয়েছে। এর মধ্যেই মিনামিসোমার মানুষ ধ্বংসের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গত বড়দিনের আগে মিনামিসোমার গুরুত্বপূর্ণ কেনাকাটার সড়কে আলোকসজ্জা করা হয়। জনপ্রিয় রেস্তোরাঁয় আবার লাইন দিয়ে ঢুকছে লোকজন। সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে আসছে। তবে শহরের মেয়র কাতসুনোবো সাকারাই জানান, এখনো অনেক কিছুই করার বাকি। ইতিমধ্যেই শহরের অবকাঠামোর উন্নয়নে জাপানের সরকার ও বহির্বিশ্বের কাছে ইউটিউবের মাধ্যমে সহায়তাও চেয়েছেন মেয়র।কাতসুনোবো বলেন, শহরের অবকাঠামো পুনর্গঠন করা আমাদের একার পক্ষে সম্ভব নয়। সরকার পুনর্গঠনে যে সহায়তা দিয়েছে, তা নিতান্তই অপ্রতুল। ভূমিকম্প ও সুনামি বিপর্যয়ের আগে মিনামিসোমা শহরের লোকসংখ্যা ছিল ৭১ হাজার। দুর্যোগ-পরবর্তী সময়ে তা ২০ হাজারে নেমে আসে। তবে লোকজন ফিরতে শুরু করায় এখন সেখানে জনসংখ্যা আবার ৪৩ হাজারে উঠেছে। আবুল হোসেন, বিবিসি থেকে