মিনি কারখানার শহর চন্দ্রঘোনা
দীর্ঘদিন ধরে চন্দ্রঘোনা প্রসিদ্ধ ছিল কর্ণফুলী কাগজকলের জন্য। বর্তমানে নানা রকম ক্ষুদ্র শিল্পপণ্যের উৎপাদন ও ব্যবসা সম্প্রসারণের ফলে মিনি কারখানার শহর হিসেবেও খ্যাত হয়ে উঠছে এটি। এসব কারখানায় রাত-দিন কাজ করে জীবিকা নির্বাহ করছেন মালিক-শ্রমিকের তিন শতাধিক পরিবার।রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নের চট্টগ্রাম-কাপ্তাই, রাঙামাটি-রাজস্থলী ও বান্দরবান সড়কের মিলিত স্থান চন্দ্রঘোনা লিচুবাগান বাস স্টেশন। স্থানীয় দোভাষীবাজার ও লিচুবাগান বাস স্টেশনের চারপাশের অলিগলিতে গড়ে উঠেছে প্রায় ১০০ ক্ষুদ্রশিল্প কারখানা। দুই যুগেরও বেশি সময় ধরে চন্দ্রঘোনা কাগজকল থেকে অবসর নেওয়া শ্রমিকসহ দেশের বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে ছুটে আসা লোকজন এসব কারখানা গড়ে তুলেছেন। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, দোভাষীবাজার ও লিচুবাগান এলাকায় ছোট ছোট ৯৭টি কারখানা রয়েছে। তিন শতাধিক মালিক-শ্রমিক রাত-দিন কাজ করেন এসব কারখানায়। এসব কারখানায় সাধারণ মানুষের নিত্য ব্যবহার্য ট্রাংক, বালতি, স্যুটকেস, হারিকেন, লোহার গ্রিল, সিন্দুক, সাবান, হাড়ি-পাতিল, জগ, মগ, ঠোঙা, মোম, আটা, ময়দা, হলুদ, মরিচ ও মশলাগুঁড়া, বেতের তৈরি গৃহসামগ্রী, বেকারিপণ্য ও নানা রকম কৃষি উপকরণ তৈরি হয়।সম্প্রতি লিচুবাগানের বনগ্রাম সড়কের পাশে বাঁশের তৈরি একটি ট্রাংক তৈরির কারখানায় কথা হয় কারখানার মালিক আবদুল মজিদের (৫৭) সঙ্গে। তিনি জানান, তাঁর সহকারী হিসেবে কাজ করছেন চার ব্যক্তি। এঁদের তিনজনই তাঁর ছেলে। অন্য একজন বেতনধারী শ্রমিক। ইকবাল হোসেন (২৬) নামে ওই শ্রমিকের বাড়ি কুমিল্লার বড়ুড়া উপজেলায়। আলাপকালে আবদুল মজিদ জানান, কারখানায় প্রতিদিন আট থেকে ১০টি ট্রাংক তৈরি হয়। যার বাজারমূল্য তিন হাজার টাকারও বেশি। প্রতিদিন সব খরচ বাদ দিয়ে প্রায় এক হাজার টাকা লাভ হয়। গত ১৭ বছর ধরে এ কাজ করে স্বাবলম্বী হয়েছেন তিনি। আবদুল মজিদ ২০ বছর আগে কর্ণফুলী কাগজকলে শ্রমিক হিসেবে কাজ করতেন। সেখানে পাওয়া বেতন-ভাতায় সংসার চলত না বলে লিচুবাগানে একটি দোকান নিয়ে অবসর সময়ে ট্রাংক তৈরির কাজ শুরু করেন। দুই বছর পর ব্যবসা ভালো হচ্ছে দেখে চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে পুরোদমে ট্রাংক তৈরির কারখানা গড়ে তোলেন। খোঁজ নিয়ে জানা যায়, এলাকায় গড়ে ওঠা ছোট ছোট কারখানায় তৈরি বিভিন্ন পণ্য খুচরা ব্যবসায়ীরা পাইকারি হিসেবে নিয়ে উপজেলার সব কয়টি হাটবাজার ছাড়াও চট্টগ্রাম শহরের রেয়াজউদ্দিন বাজারসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেন। চট্টগ্রাম শহরের রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী আশফাক উদ্দিন গত ২১ মে দোভাষীবাজারে এসেছিলেন একটি কারখানা থেকে ট্রাংক, টিনের তৈরি বালতি ও মোমসহ বিভিন্ন পণ্য কেনার জন্য। তিনি জানান, চন্দ্রঘোনার কারখানাগুলোতে তৈরি পণ্যগুলোর গুণগত মান খুবই ভালো, দামও কম। তাই এসব পণ্যের চাহিদাও প্রচুর। এখান থেকে প্রতি সপ্তাহে ৭০ থেকে ৮০ হাজার টাকার পণ্য নিয়ে শহরে বিক্রি করেন বলে জানান তিনি। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিছ আজগর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কর্ণফুলী কাগজকলের জন্য চন্দ্রঘোনা দেশের প্রসিদ্ধ স্থান হিসেবে চিহ্নিত ছিল। এখানকার বিভিন্ন ক্ষুদ্রশিল্প তথা মিনি কারখানার ছোঁয়ায় বর্তমানে এটি ব্যবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে এসব মিনি কারখানা। এ কারণেই বর্তমান সরকার চন্দ্রঘোনাকে পৌরসভায় উন্নীত করার ঘোষণা দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।