মিনি খাবার
পার্টিতে বা শিশুদের জন্য বানাতে পারেন মিনি খাবার। একসঙ্গে অনেক মানুষকে পরিবেশন করতে সহজ, দেখতেও আকর্ষণীয়। দেখুন নাসরিন আলমের দেওয়া এ রকম কয়েকটি খাবারের রেসিপিমিনি টিকিয়া ললিপপউপকরণ: মাংসের কিমা আধা কেজি, ছোলার ডাল সিকি কাপ, শুকনা মরিচ ২-৩টা, জিরা ১ চা-চামচ, ধনে ১ চা-চামচ, চিনি আধা চা-চামচ, লবণ ১ চা-চামচ, দারচিনি ২ টুকরা, লবঙ্গ ১টা, আদা কুচি ১ চা-চামচ, পেঁয়াজ ছোট দুটি, ডিম অর্ধেক। প্রণালী: পেঁয়াজ, কিমা, ডাল, মরিচ, জিরা, ধনে ২ টেবিল চামচ তেল ও সামান্য পানি দিয়ে সেদ্ধ করুন। পানি শুকালে লবণ ও চিনি দিয়ে দারচিনি, লবঙ্গ ও আদা বেটে নিতে হবে। সেদ্ধ মাংস বেটে নিন। এবার বাটা মসলা ও ডিম দিয়ে মাংস ভালোভাবে মেখে নিন। ছোট ছোট টিকিয়া বানিয়ে ললিপপের আকার দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।মিনি স্যান্ডউইচউপকরণ: স্যান্ডউইচ ব্রেড প্রয়োজনমতো, শসা ও গাজর কুচি করা প্রয়োজনমতো। স্যান্ডউইচ ফিলারের জন্য: ব্রয়লার মুরগির বুকের মাংস ২ টুকরা। পেঁয়াজ মোটা কুচি ১টা, আদা কুচি আধা চা-চামচ, লবণ সিকি চা-চামচ, পানি ১ কাপ।প্রণালী: ওপরের সব উপকরণ দিয়ে মাংস সেদ্ধ করে নিন। মাংস হাড় থেকে ছাড়িয়ে নিয়ে লম্বা কুচি করুন। মাংসকুচিতে মেয়োনেজ (স্বাদমতো) ও কাঁচা মরিচ (বিচি ফেলে দেওয়া) দিয়ে মেখে রাখুন। কুচি করা গাজর ও শসায় মেয়োনেজ মেখে নিন। রুটিতে ১ স্তর মাংস, ১ স্তর গাজর ও শসা দিয়ে স্যান্ডউইচ বানিয়ে তিন কোনা করে সাজিয়ে পরিবেশন করুন।মিনি পুডিংউপকরণ: ডিম ৫টা, গুঁড়া দুধ ২ কাপ, চিনি ১ কাপ, পানি ৩ কাপ, ভ্যানিলা এসেন্স আধা চা-চামচ, হলুদ রং সামান্য।প্রণালী: ওপরের সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। পুডিং জমানোর জন্য ছোট ছোট ছাঁচে ক্যারামেল করে নিন। এরপর ঠান্ডা করে তাতে ব্লেন্ড করা মিশ্রণ ঢেলে ভাপে পুডিং জমিয়ে নিন। চুলায় হাঁড়িতে পানি দিয়ে তার মধ্যে পুডিংয়ের পাত্র রেখে ভাপ দিতে পারেন। এক ঘণ্টা লাগবে বড় পাত্রে, ছোট পাত্রে ৩০-৪০ মিনিট। ফ্রিজে ঠান্ডা করে নিয়ে সার্ভিং ডিশে উল্টে নিতে হবে। সাজিয়ে পরিবেশন করুন। যেকোনো দাওয়াতে এই পুডিং অতিথির মন জয় করবে।মিনি কুকিজউপকরণ: মাখন ১২৫ গ্রাম, চিনি পৌনে এক কাপ, ময়দা ১ কাপ, ওট ১ কাপ, শুকনো নারকেল ১ কাপ, বেকিং সোডা দেড় চা-চামচ, মধু ১ টেবিল-চামচ, দুধ ২-৩ টেবিল-চামচ, চকলেট চিপস (প্রয়োজনমতো), ময়দা, ওট, শুকনো নারকেল ও বেকিং সোডা একসঙ্গে মিলিয়ে নিতে হবে। প্রণালী: মাখন, চিনি, মধু ও দুধ একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ মিশিয়ে ডো বানাতে হবে। ছোট ছোট বিস্কুট বানিয়ে ওপরে ১টা চিপ দিয়ে বেকিং ট্রেতে সব কুকিজ রেখে বেক করতে হবে প্রিহিটেড ওভেনে ৫-৭ মিনিট। ছোট ছোট কুকিজ বড়-ছোট সবার প্রিয়।