মিনি গরুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কের পাশে ছোট ছোট গাছ। এগুলোতে সারিবদ্ধভাবে বাঁধা আছে ৫০ থেকে ৬০টি গরু। চার থেকে পাঁচজন লোক পরম মমতায় এসব গরুর পরিচর্যা করছেন। কেউ খড় খাওয়াচ্ছেন তো কেউ ভুসি। গরু দেখতে লোকজনের জটলাও বেঁধেছে। দরদাম করে কেউ কেউ গরু কিনেও নিচ্ছেন। গত ২৯ অক্টোবর দুপুরে হাটহাজারীর মনিয়া পুকুর পাড় এলাকায় গিয়ে এই চিত্র দেখা গেছে।শুধু মনিয়াপুকুর পাড় নয়। এই ধরনের গরুর হাটের অস্তিত্ব মিলেছে ফটিকছড়ি ও রাউজান উপজেলার বিভিন্ন এলাকায়। গ্রামের পাড়ামহল্লা-পথঘাট ছাপিয়ে শহরের অলিগলিতেও অস্থায়ীভাবে হাট বসিয়ে চলছে পশু বেচাকেনা।মনিয়া পুকুরপাড় এলাকায় গরু বিক্রি করতে আসা আবুল হক বলেন, ‘এটা মিনি গরুর হাট। গরু কোনটা পছন্দ হয় দেখেন। দাম গতবারের চেয়ে কম।’খোঁজ নিয়ে জানা গেছে, সারা বছর ধরে যাঁরা পশু বেচাকেনার সঙ্গে জড়িত একসময় তাঁরাই শুধু কোরবানি ঈদে পশু বেচাকেনা করতেন। কিন্তু বর্তমানে এই ব্যবসাতে পরিবর্তন এসেছে। বিভিন্ন পেশা কিংবা ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি এমনকি প্রবাসীরাও জড়িয়ে পড়েছেন এই মৌসুমি ব্যবসায়। হাটহাজারীর বুড়িপুকুর পাড় এলাকার চার বন্ধু শওকত হোসেন, চাঁন মিয়া, মো. লোকমান ও মো. ঈসা এবার এই ব্যবসায় নেমেছেন। প্রায় ২৫ লাখ টাকা বিনিয়োগ করে রংপুর থেকে তাঁরা ৪৩টি গরু এনেছেন।গরুগুলো রাখার জন্য পুকুরপাড়ের একটি জায়গা আগে থেকেই তৈরি ছিল। এ ব্যাপারে জানতে চাইলে শওকত হোসেন বলেন, ‘কোরবানি ঈদে স্থায়ী কিংবা অস্থায়ী পশুর হাট তো বসে শহরে। অনেকে শহরে গিয়ে পশু কেনা ঝামেলা ও ঝুঁকিপূর্ণ মনে করেন। এই চিন্তা থেকে এই প্রথমবার গরু ব্যবসায় নেমেছি।’ফটিকছড়ির ধুরুং এলাকার একটি সামাজিক প্রতিষ্ঠানের পাশের একটি পরিত্যক্ত মাঠে বসেছে মিনি গরুর হাট। এই মাঠে বিক্রির জন্য খাগড়াছড়ির পাহাড়ি অঞ্চল থেকে আনা ৪০টি গরু রাখা হয়েছে। স্থানীয় ফজল হক ও সোলেমান সওদাগর এসব গরু এনেছেন। ফজল হক বলেন, ‘অনেকেই এখন বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায় গরুর হাট বসিয়েছেন। এতে তো ক্রেতা-বিক্রেতা উভয়েরই লাভ।’রাউজান উপজেলার সত্তারঘাট এলাকায় অস্থায়ী গরুর হাট বসিয়েছেন আমেরিকা প্রবাসী ইমতিয়াজ উদ্দিন। তিনি কুষ্টিয়া থেকে গরু এনেছেন ৩০টি। এগুলোর দাম ২০ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা। এক প্রশ্নের উত্তরে তিনি প্রথম আলোকে বলেন, ‘এই বছর পথেপথে পুলিশ কিংবা সন্ত্রাসী চাঁদাবাজদের উৎপাত নেই তাই অনেক তরুণ-যুবক-প্রবাসী গরু ব্যবসায় নেমেছেন।’ এই গরুর হাটে কথা হয় মধ্যপ্রাচ্য প্রবাসী মো. কামালের সঙ্গে। তিনি বলেন, ‘এবারের কোরবানি ঈদে গরু কেনার জন্য বাজেট করেছি ৩০ হাজার টাকা। শহরের সাগরিকা কিংবা বিবিরহাট বাজার থেকে গরু না কিনে এ বছর গ্রামের হাট থেকেই কিনব কারণ দূরের যাত্রার ঝামেলা তো থাকছে না।’ ৩০ অক্টোবর শহরতলীর ফতেয়াবাদ, বড়দিঘির পাড়, লালিয়ার হাট, আমানবাজার এবং নগরের বালুচরা, অক্সিজেন, হামজারবাগ, মুরাদপুর এলাকায় ঘুরে দেখা যায়, এখানকার অন্তত ৩০ থেকে ৩৫টি জায়গায় অস্থায়ীভাবে বসেছে গরুর হাট। অক্সিজেন রৌফাবাদ এলাকার মৌসুমি গরু ব্যবসায়ী সেলিম জাহেদ বলেন, ‘নগর ও জেলার বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ডভাবে বসা অস্থায়ী গরুর হাটগুলোতে ক্রেতার সমাগমও কম হচ্ছে না। অনেক ক্রেতা বাজারে হাসিল দেওয়া কিংবা দূরের পথ থেকে গরু আনা নেওয়ার ঝামেলা এড়াতে মিনি গরুর হাটমুখী হচ্ছেন।’ সরেজমিন ঘুরে দেখা যায় হাটহাজারীর মাদার্শা, ফতেপুর, মেখল, মির্জাপুর, কাটিরহাট, সরকারহাট, নাজিরহাট এবং ফটিকছড়ির ধুরুং, বিবিরিহাট, বাবুনগর, মাইজভান্ডার, তকির হাট, হারুয়ালছড়ি, কাঞ্চণপুর, রাউজান উপজেলার গহিরা, সাত্তারঘাটের বিভিন্ন এলাকায় মিনি গরুর হাট বসেছে। পটিয়া, রাঙ্গুনিয়া, চন্দনাইশসহ জেলার বিভিন্ন এলাকায়ও এই ধরনের অস্থায়ী গরুর হাট বসেছে। এসব হাটে প্রচুর ক্রেতার সমাগম হচ্ছে।