ভারতের পাশাপাশি বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানিতে ঝুঁকছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দরে চীন থেকে তিন কনটেইনারভর্তি পেঁয়াজের একটি চালান এ সপ্তাহের শুরুতে দেশে এসে পৌঁছেছে। মিয়ানমার থেকেও আমদানি হওয়া পেঁয়াজ বিক্রি হচ্ছে খাতুনগঞ্জের বাজারে।
ব্যবসায়ীরা জানান, ঈদের পর পেঁয়াজের দাম বাড়ায় বিকল্প বাজার থেকে আমদানির উদ্যোগ নেন তাঁরা। এসব পেঁয়াজ বাজারজাত শুরু হওয়ার খবরে দাম কমতে শুরু করেছে পাইকারি বাজার খাতুনগঞ্জে। তবে পাইকারিতে দাম কমার প্রভাব পড়েনি খুচরায়।
জানা যায়, দেশে চাহিদা অনুযায়ী উৎপাদন না হওয়ায় প্রতিবছর চার থেকে পাঁচ লাখ টন পেঁয়াজের ঘাটতি থেকে যায়। এই পেঁয়াজ আমদানি হয় মূলত ভারত থেকে। হিলি, ভোমরা ও বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব পেঁয়াজ আমদানি হয়। এক বাজারের ওপর নির্ভরশীলতার কারণে ভারতে দাম বাড়লে বা সরবরাহ কমলে এখানেও দাম বেড়ে যায়।
খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, গত কয়েক দিনে প্রায় ৩০০ টন পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে। চীন থেকেও আমদানি হয়েছে সামান্য পরিমাণে।
কাস্টম হাউসের পরিসংখ্যানে দেখা যায়, সাধারণত বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয় না। শুধু সংকটকালীন সময়ে বন্দর দিয়ে চীন থেকে পেঁয়াজ আমদানি হতো। যেমন, ২০০৭-০৮ অর্থবছরে এক হাজার ৯০২ টন পেঁয়াজ আমদানি হয়। ২০০৮-০৯ অর্থবছরে এক হাজার ৪০ টন পেঁয়াজ আমদানি হয়।
আমদানিকারকের পক্ষে পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘অনেক বছর পর চীন থেকে পেঁয়াজের একটি চালান বন্দরে এসে পৌঁছেছে।’
খাতুনগঞ্জে গিয়ে দেখা যায়, গতকাল বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় মানভেদে সর্বনিম্ন ৪৫ থেকে সর্বোচ্চ ৫৭ টাকা পর্যন্ত। এর মধ্যে মিয়ানমার থেকে আমদানি হওয়া পেঁয়াজ বিক্রি হয় ৫০ থেকে ৫৫ টাকা, দেশি পেঁয়াজ ৪৫ টাকা, ভারত থেকে আমদানি হওয়া পেঁয়াজ ৫৩ থেকে ৫৭ টাকায় বিক্রি হয়। খাতুনগঞ্জের ব্যবসায়ী মো. ইদ্রিস প্রথম আলোকে বলেন, বিকল্প বাজার থেকে পেঁয়াজ বাজারজাত শুরু হওয়ার পরই দাম কমতে শুরু করেছে। বাজারে পেঁয়াজের সরবরাহও বাড়ছে।
তবে পাইকারি বাজারে দাম কমলেও খুচরায় সে হারে কমেনি। খুচরা ব্যবসায়ীরা জানান, দাম কমার আশায় খুচরা ক্রেতাদের মধ্যেও পেঁয়াজ কেনার চাহিদা কমেছে। গতকাল রিয়াজউদ্দিন বাজারে কেজিপ্রতি পেঁয়াজ সর্বোচ্চ ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে। কয়েকদিনের মধ্যে দাম কমবে বলে তাঁরা জানান।
প্রসঙ্গত, ঈদের আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৮ থেকে ৫২ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৪৪ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়। ঈদের পর ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে সরবরাহও কমে যায়। এ সুযোগে স্থানীয় বাজারে হু হু করে পেঁয়াজের দাম বেড়ে যায়।