মিয়ানমারের 'পাম্প বড়িতে' গরু মোটাতাজা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ‘পাম্প বড়ি’ l প্রথম আলো
টেকনাফের বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে মিয়ানমার থেকে চোরাই পথে আসা ‘পাম্প বড়ি’ l প্রথম আলো

মিয়ানমার থেকে অবৈধ পথে আসা গবাদিপশু মোটাতাজা করার স্টেরয়েড জাতীয় বড়ি অবাধে বিক্রি হচ্ছে টেকনাফে। স্থানীয় লোকজনের কাছে ‘পাম্প বড়ি’ নামে পরিচিত এসব ওষুধ পাওয়া যাচ্ছে হাটবাজারের মনিহারি দোকানেও।
সম্প্রতি শহরের বড় বাজারের বার্মিজ মার্কেট নামে পরিচিত বিপণিবিতানের বেশ কয়েকটি দোকানে আচার, বাদাম, খেলনাসহ নানা পণ্যের পাশাপাশি ‘পাম্প বড়ি’ সাজিয়ে রাখতে দেখা গেছে। এখানকার একটি দোকানের একজন বিক্রয়কর্মী জানালেন, সামনে কোরবানির ঈদ, তাই এসব ওষুধের চাহিদা বেড়েছে। প্রতিদিন হাজার খানেক বড়ি বিক্রি হয় ওই দোকানে। ১০০ বড়ির দাম রাখা হয় ৮০০-৯০০ টাকা।
পলিব্যাগে মোড়ানো কমলা ও সাদা রঙের এসব বড়ি মূলত ডেক্সামেথাসোন জাতীয় স্টেরয়েড বলে জানান উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা। পশু মোটাতাজা করার কাজে ব্যবহৃত এসব স্টেরয়েড পশুর পাশাপাশি মানুষের জন্যও ক্ষতিকর। এ ধরনের ওষুধ প্রয়োগে মোটা করা পশুর মাংস খেলে মানবদেহেও ওই ওষুধের বিরূপ প্রভাব পড়তে পারে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, গত জুলাই মাস পর্যন্ত বিজিবির বছরব্যাপী অভিযানে দুই লাখ পাম্প বড়ি ধরা পড়েছে। তবে এরপরও সীমান্ত দিয়ে বিভিন্ন কৌশলে একাধিক পণ্যের ভেতরে লুকিয়ে পাম্প বড়ি আনা হচ্ছে।
দু-এক মাসে মোটাতাজা করতে আকারভেদে একেকটি পশুকে দৈনিক ১০-১৫টি বড়ি খাওয়ানো হয় বলে বলেন টেকনাফের সাবরাং এলাকার হারিয়াখালী পশু ব্যবসায়ী আবদুর রহমান ও আলিম উদ্দিন। এতে এক থেকে দুই মাসের মধ্যে গরু ও মহিষ মোটা হয়ে যায়। তবে এভাবে মোটা হওয়া পশু দুর্বল হয় এবং বেশি দিন বাঁচে না। টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ জানান, উভয় দেশের কিছু পাচারকারী নিষিদ্ধ এসব ওষুধ পাচারের সঙ্গে যুক্ত। সর্বশেষ টেকনাফের দমদমিয়া এলাকায় গত ১০ জুলাই ১০ হাজার পাম্প বড়িসহ চট্টগ্রামের পটিয়া উপজেলার আবদুল আজিজ নামের একজনকে আটক করা হয়। এসব বড়ি পাচার রোধে সীমান্তের কয়েকটি এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ এম খালেকুজ্জামান বলেন, বলবর্ধক এসব বড়ি খাওয়ানোর ফলে পশুর যকৃৎ ও কিডনিতে পানি জমে যায় এবং তা মাংসে সঞ্চারিত হয়। এর ফলে শরীর ফুলে যায়। বড়ির পার্শ্বপ্রতিক্রিয়ায় পশুগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে এবং দ্রুত মারাও যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আলম বলেন, এই বড়ি খেয়ে মোটা হওয়া পশুর মাংসও মানুষের জন্য ক্ষতিকর। তাই এসব পশু কেনা উচিত নয়। কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলি হোসেন বলেন, পাম্প বড়ির পাচার ঠেকাতে কোস্টগার্ড এবং বিজিবিকে সতর্ক করা হয়েছে। এসব বড়ি বিক্রি বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অভিযান চালানো হবে। কোরবানির পশুর হাটে এ ধরনের মোটাতাজা করা পশু বিক্রি বন্ধে পরীক্ষা–নিরীক্ষার ব্যবস্থা রাখা হবে। স্টেরয়েড খাওয়ানো গরু-মহিষ বিক্রি করতে দেওয়া হবে না।