মিরসরাই ও বারইয়ারহাট প্রধান দুই দলে বিদ্রোহী প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে। তবে দুই দলেই একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ নির্বাচন করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হলেও বিদ্রোহী প্রার্থীরা তা আমলে নিচ্ছেন না। আওয়ামী লীগ মিরসরাই উপজেলা চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. গিয়াস উদ্দীন জানান, মেয়র পদে আওয়ামী লীগের একক প্রার্থী মো. শাহজাহান। পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় আর কেউ মনোনয়ন চাননি। কিন্তু আওয়ামী ঘরানার বলে পরিচিত মিরসরাই বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. এনামুল হক ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. শহিদুন্নবী গত রোববার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁরা এলাকায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি পেয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা জানান, ১৩ ডিসেম্বর বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রার্থিতা নিয়ে ভোট হয়। এ সময় তাহের ভূঁইয়া ৩৭ ও রেজাউল করিম ২৫ ভোট পান। ভোটের ফলাফলের ভিত্তিতে তাহের ভূঁইয়াকে মেয়র পদে একক প্রার্থী ঘোষণা করা হয়। এদিকে, যুবলীগের নেতা আলী আহসানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন সিদ্ধান্ত নেবে।বিএনপিমিরসরাইয়ে মেয়র পদে বিএনপির একক প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি ফকির আহমদের নাম ঘোষণা করেছে বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন। কিন্তু পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, নির্বাহী সদস্য আতিকুল ইসলাম লতিফীও মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন। দলের সিদ্ধান্তের বাইরে কীভাবে প্রার্থী হলেন—এমন প্রশ্নের উত্তরে নাসির বলেন, ‘এলাকাবাসীর এজাজত (অনুমতি) নিয়ে প্রার্থী হয়েছি। খালেদা জিয়া ছাড়া কেউ আমাকে বহিষ্কার করতে পারবেন না।’ এদিকে জামায়াতের নেতা কামরুদ্দিন লতিফী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা যায়।অন্যদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন চেয়ারম্যান জানান, বারইয়ারহাট পৌরসভায় পৌর বিএনপির সভাপতি মাঈন উদ্দিনকে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। কিন্তু বর্তমান মেয়র ও পৌর বিএনপির সদস্য জালাল উদ্দিন আহমদও মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং তিনি নির্বাচন করার সিদ্ধান্তে অটল বলে জানা যায়। এতে নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ হয়েছে। জালাল উদ্দিন জানান, তিনি নির্বাচনে প্রার্থী হবেন। দল ব্যবস্থা নিলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘যখন সিদ্ধান্ত হবে, তখন দেখা যাবে।’ এদিকে, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. ফজলুল করিম মনোনয়নপত্র জমা দিয়েছেন।