মিরসরাই ট্র্যাজেডিতে নিহত শিশু-কিশোর ও শিক্ষার্থীদের স্মরণে উপজেলা প্রশাসন দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। ৯ ও ১১ জুলাই নানা কর্মসূচির মাধ্যমে ইতিহাসের সেই মর্মান্তিক দিনটিকে স্মরণ করা হবে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, ৯ জুলাই আবু তোরাব উচ্চবিদ্যালয় ক্যাম্পাসে নিহত শিক্ষার্থীদের নামাঙ্কিত স্মৃতিফলক ‘আবেগ’-এর উদ্বোধন করা হবে। এটি উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। ফলক উদ্বোধনের পর বিদ্যালয়ের মাঠে নিহত শিক্ষার্থীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।ফলকটি ইতিমধ্যে সবার নজর কেড়েছে। যে কেউ ফলকটি দেখে থমকে দাঁড়াচ্ছে, নীরবে স্মরণ করছে নিহত শিক্ষার্থীদের।১১ জুলাই বড়তাকিয়া আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় দুর্ঘটনাস্থলে নিহত শিশু-কিশোর ও শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিস্তম্ভ ‘অন্তিম’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সাংসদ মোশাররফ হোসেন। ওই দিন স্মরণসভায় উপস্থিত থাকবেন স্মৃতিফলক আবেগ ও স্মৃতিস্তম্ভ অন্তিমের নকশাকার (ডিজাইনার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক সাইফুল বারী। দুই দিনের বিভিন্ন কর্মসূচিতে উপজেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।১১ জুলাই সকালে নিহত শিশু-কিশোর ও শিক্ষার্থীদের আত্মার শান্তি কামনা করে বিভিন্ন ধর্মীয় কর্মসূচিও পালন করা হবে। ওই দিন দুপুরে তাদের স্মরণে ভোজের আয়োজন করেছে উপজেলা পরিষদ। এ ছাড়া পরিবারের পক্ষ থেকেও ১১ জুলাই স্বজনদের স্মরণ করা হবে।প্রসঙ্গত, গত বছরের ১১ জুলাই বড়তাকিয়া আবু তোরাব সড়কের সৈদালী নামক স্থানে স্মরণকালের বৃহত্তম সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আবু তোরাব উচ্চবিদ্যালয়ের ৪৩ শিক্ষার্থীসহ ৪৪ জনের প্রাণহানি ঘটে। ওই দিন বঙ্গমাতা-বঙ্গবন্ধু টুর্নামেন্টের খেলা দেখে একটি মিনিট্রাকে করে প্রায় ৮০ জন শিশু-কিশোর বাড়ি ফিরছিল। ট্রাকটি চালকের গাফিলতির জন্য উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় শিক্ষার্থীসহ ৩৯ জন নিহত হয়। পরবর্তী সময়ে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যায়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় ৪৪ জনে।