মিরসরাই ট্র্যাজেডির হতাহতদের জন্য অনুদান
মিরসরাই ট্র্যাজেডিতে নিহত ও আহত ছাত্রদের পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করেছে আমেরিকার মিরসরাই সমিতি। গত শনিবার ১৭ সেপ্টেম্বর সকাল ১০টায় আবুতোরাব এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হতাহত ছাত্রদের পরিবারের মধ্যে অনুদানের টাকা বিতরণ করা হয়।আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর সাদেকের সভাপতিত্বে এবং এস এম গোলাম সরোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, সাবেক চেয়ারম্যান আমেরিকা প্রবাসী এম আলাউদ্দিন, আমেরিকা প্রবাসী সাংবাদিক মনজুরুল হক, জাহাঙ্গীর আলম ভূঁইয়া, নুর মোহাম্মদ চৌধুরী ও তাজুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে মিরসরাই ট্র্যাজেডিতে নিহত ৪২ জন ও আহত ১৭ জনের মাঝে ১৫ হাজার টাকা করে মোট নয় লাখ টাকা বিতরণ করা হয়।প্রসঙ্গত, গত ১১ জুলাই বঙ্গবন্ধু জুনিয়র ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে মিরসরাইয়ের বড়তাকিয়া আবুতোরাব সড়কে বিদ্যালয়ের ছাত্র বহনকারী একটি মিনি ট্রাক খাদে পড়ে ৪১ জন ছাত্রসহ ৪৩ জন নিহত হয়।