মিরসরাই নানা আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্যাপন করল বন্ধুসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আয়োজনে মিরসরাইয়ে প্রথম আলো বন্ধুসভা উদ্যাপন করল রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব। ৬ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠানে বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, সমাজকর্মী, সরকারি কর্মকর্তা ও সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন। 
সকালে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ সমবেত সংগীতের পর পরই অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন। আলোচনায় অংশ নেন মিরসরাই পৌর মেয়র এম শাহজাহান ও জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ। এরপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত ও এই দুই কবির কবিতা আবৃত্তি প্রতিযোগিতা। এতে বিচারক ছিলেন মো. শাহাদাত হোসেন, মাহমুদ নজরুল, মাইনুদ্দীন সেলিম, সংগীত শিক্ষক লিপিকা রায় ও প্রথম আলো প্রতিনিধি শারফুদ্দীন কাশ্মীর।
এরপর শুরু হয় বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা। গান ও কবিতা আবৃত্তিতে অংশ নেন লিপিকা রায়, নিরুপা দাশ, বাঁধন দে, ইউসরা শারফুদ্দীন, সরওয়ারুল আলম, সুলতানা রাজিয়া, মো. সোহাগ, মো. সাইফুল ইসলাম, নির্মল দাশ, মহিবুল আরিফ, জারিন তাজনিম, মল্লিকা দাশ, ফজলুল করিম ও তানজিন আহমেদ। সব শেষে নৃত্য পরিবেশন করে দুই বন্ধু জারিন তাজনিম ও সুলতানা। বন্ধুসভার সদস্যদের এসব পরিবেশনা শ্রোতা-দর্শকদের মুগ্ধ করে।
বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন। অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসীম উদ্দীন ও শারফুদ্দীন কাশ্মীর। বন্ধুসভার সভাপতি বোরহান উদ্দীনের সভাপতিত্বে আলোচকেরা মিরসরাইয়ের মতো মফস্বল এলাকায় বন্ধুসভার এ ধরনের আয়োজনের প্রসংশা করেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।