মিরসরাই-ফটিকছড়ি সড়ক যোগাযোগ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই ও ফটিকছড়ির মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সংস্কারের অভাবে সড়কে যানচলাচল বন্ধ হয়ে গেছে। সংস্কারের অভাবে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়লে এ অবস্থার সৃষ্টি হয়।জানা গেছে মিরসরাই থেকে ফটিকছড়ি পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটারের পাহাড়ি সড়কটি দুই উপজেলার মধ্যে যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয়েছিল। সড়ক নির্মাণের পর এটি দিয়ে কৃষক ও ব্যবসায়ীরা বিভিন্ন ফলমূল, শাকসবজি, কাঠ, বাঁশ ও ধান ফটিকছড়ি থেকে মিরসরাইয়ে স্বল্পমূল্যে নিয়ে আসতেন। ফটিকছড়িতেও বিভিন্ন পণ্য নিয়ে যাওয়া হতো।ফটিকছড়ি কিংবা মিরসরাই যাতায়াতের জন্য করেরহাট ও চট্টগ্রাম শহর দিয়ে না ঘুরে সরাসরি এই সড়ক ব্যবহার করা যেত। কিন্তু গত বছর বর্ষা মৌসুমে মিরসরাই সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব দিকে দোচাইল্লা নামক স্থানে বিশাল এক পাহাড়ের অর্ধেক অংশ ধসে মিরসরাই-ফটিকছড়ি সড়কের ওপর আছড়ে পড়ে। এর পর থেকে ওই সড়ক দিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।সরেজমিনে গিয়ে সড়ক ও জনপথ বিভাগের এই সড়কটিকে দেখে মনে হলো প্রত্যন্ত গ্রামের কোনো কাঁচা রাস্তা। মিরসরাই থেকে তিন কিলোমিটার পর্যন্ত সড়কের অবস্থা মোটামুটি ভালো হলেও বাকি ২২ কিলোমিটার পথ যানচলাচলের অযোগ্য হয়ে পড়েছে। মিরসরাই-ফটিকছড়ি সড়কের যে অংশে পাহাড় ধসে পড়েছিল, সে অংশটি দায়সারাভাবে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ কিছু মাটি সরিয়ে দিয়েছে বলে অনুমান করা যায়। স্থানীয় লোকজনও স্বীকার করেনে, মাটিধসের পর সওজের লোকজন এসে কিছু মাটি সরিয়ে দিয়েছিলেন। স্থানীয় অধিবাসীরা বলছেন, চলতি বর্ষা মৌসুমে ওই মাটিগুলো আবার ধসে পড়ার আশঙ্কা রয়েছে।এলাকার বাসিন্দা সাহাবুদ্দীন অভিযোগ করেন, সড়কটির অবস্থা দেখতে সওজের কোনো কর্মকর্তা আসেননি। ওই সড়ক দিয়ে মিরসরাই সদর থেকে আট বছরের নাতিকে নিয়ে হেঁটে ফটিকছড়ি মেয়ের বাড়িতে যাচ্ছিলেন সামছুল আলম (৬৫)। তিনি বলেন, বারইয়ারহাট দিয়ে যেতে প্রায় ৪০ থেকে ৪৫ কিলোমিটার পথ ঘুরতে হবে। যানবাহনের ঝামেলা তো রয়েছেই। মিরসরাই ফটিকছড়ি সড়ক দিয়ে হেঁটে গেলে কিছুটা সহজে যাওয়া যাবে। তাই নাতিকে নিয়ে হেঁটে যাচ্ছেন।চট্টগ্রাম সওজের নির্বাহী প্রকৌশলী রানাপ্রিয় বড়ুয়া জানান, মিরসরাই-ফটিকছড়ি সড়কটি সওজের আওতাধীন সড়ক। একসময় জেলা মহাসড়ক প্রকল্পের অধীনে সড়কটির কাজ চলছিল। সম্পূর্ণ কাজ শেষ হওয়ার আগে প্রকল্পটি শেষ হয়ে যায়। অন্য একটি প্রকল্পের আওতায় সড়কটির বাকি কাজ করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশরাফ হোসেন জানান, সড়কটি সংস্কার করা হলে মিরসরাইয়ের সঙ্গে ফটিকছড়ি উপজেলার যোগাযোগ যেমন সহজ হতো, তেমনি দুই উপজেলার মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটত। এই সড়ককে ঘিরে হাজার হাজার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেত। সংস্কারকাজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।