মিরসরাই ভূমি কার্যালয়ের নথিপত্র নষ্ট হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলা ভূমি কার্যালয়ে পর্যাপ্ত রেকর্ড রুম না থাকায় গুরুত্বপূর্ণ হাজার হাজার নথিপত্র নষ্ট হয়ে যাচ্ছে। যত্রতত্র নথি রাখার কারণে তা খুঁজতে গিয়ে প্রতিনিয়ত জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। এগুলো সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেওয়া না হলে আসন্ন বর্ষায় বহু নথি নষ্ট হবে বলে আশঙ্কা করা হচ্ছে । কার্যালয় সহকারী মো. তোফায়েল, মো. ইউনুসসহ অন্যরা জানান, ওই কার্যালয়ে ১৩ ফুট দৈর্ঘ্য ও নয় ফুট প্রস্থের মাত্র একটি রেকর্ড রুম রয়েছে। ওই রুমে উপজেলার সব বিএস রেকর্ড রাখার জায়গাও হচ্ছে না। সেখানে ১৬ ইউনিয়ন ও দুটি পৌরসভার হাজার হাজার নথি রাখতে গিয়ে কর্মকর্তা কর্মচারীরা হিমশিম খাচ্ছেন। বাধ্য হয়ে তাঁরা কার্যালয়ের বিভিন্ন কক্ষ ও ছাদে যাওয়ার সিঁড়িতে নথিগুলো রাখছেন। এতে নথি হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ছাদে যাওয়ার সিঁড়িতে রাখা নথি আগামী বর্ষায় নষ্ট হতে পারে বলে তাঁরা আশঙ্কা করেছেন। ইতিমধ্যে অনেক ভুক্তভোগী মূল নথির জন্য আবেদন করেও মাসের পর মাস অপেক্ষা করে পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। আবেদনকারীরা প্রয়োজনে অবিকল নকল বা সহিমুহুরী নকল কপি, বন্দোবস্তির মূলকপি, হারিয়ে বা পুড়ে গেলে যেকোনো মূল নথির কপি, মামলাসংক্রান্ত কাজে নথির কপি চেয়ে নিয়মমাফিক আবেদন করেও পাচ্ছেন না। ফলে অনেকেই সমস্যায় পড়ছেন।সূত্রে জানা গেছে, নথির জন্য আবেদন করে ছত্তরুয়া গ্রামের মো. নাসির উদ্দীন, রোকন্দিপুর এলাকার মাসুদা খাতুন, ইছাখালী এলাকার নিজাম উদ্দীন, বহদ্দার গ্রামের রাহেনা খানম, জমাদার গ্রামের আনোয়ারা বেগম ও ইয়াছমিন আক্তার, সাহেবদীনগরের মোয়াজ্জেম হোসেনসহ অনেকেই নথি পাননি। তাঁদের নথিগুলো উপজেলা ভূমি কার্যালয়ের রেকর্ডরুমে খুঁজে পাওয়া যাচ্ছে না। কর্মকর্তারা জানান, প্রথমে আবেদনকারীরা ইউনিয়ন ভূমি কার্যালয়ে নথির খোঁজ করে থাকেন। সেখানে ব্যর্থ হলে তাঁরা উপজেলা ভূমি কার্যালয়ে নথির জন্য আবেদন করেন। তারপর জেলা পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে আবেদন করার সুযোগ থাকলেও গ্রামের অনেক গরিব মানুষের সেটা সাধ্যের বাইরে থাকে। এমনও দেখা গেছে, কোনো ভুক্তভোগী ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে জায়গার নথি খুঁজে না পেয়ে জেলা পর্যায়ে আবেদন করেছেন নথির জন্য। জেলা পর্যায় থেকে ওই নথি চেয়ে উপজেলা ভূমি কার্যালয়ে চিঠি দেওয়া হয়েছে কিন্তু ওই নথি খুঁজে পাওয়া যায়নি। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম এমন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘নথি খুঁজে না পেয়ে অনেক মানুষ প্রতিনিয়তই হয়রানির শিকার হচ্ছেন। যত্রতত্র নথি রাখায় কোনো সন ধরে নথি খোঁজা যায় না। এতে দাপ্তরিক কাজেও অসুবিধা হচ্ছে। জানা গেছে, ভূমি কার্যালয়ের দুটি কক্ষে নারী নির্যাতন প্রতিরোধ সেলের কার্যালয় হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহূত হচ্ছে। এদিকে, বর্তমানে যেকোনো জায়গা ক্রয়-বিক্রয়কালে নামজারি বাধ্যতামূলক হওয়ায় নথির পরিমাণ দিন দিন বাড়ছে। সহকারী কমিশনার আরও জানান, অনেক সময় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) কার্যালয় থেকে মামলা বা অন্য কোনো নথি তলব করা হলেও চাহিদামতো নথি পাঠানো যায় না। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে তিনি অনুরোধ জানান তিনি।উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন প্রথম আলোকে জানান, উপজেলা ভূমি কার্যালয়ের রেকর্ড রুমের অপ্রতুলতার বিষয়টি তিনি জেনেছেন। যত দ্রুত সম্ভব একটি দোতলা ভবন তৈরির উদ্যোগ নেবেন বলে জানান তিনি।পর্যাপ্ত রেকর্ড রুম না থাকায় সৃষ্ট সমস্যা সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।