মিরসরাই মুক্ত দিবস আজ
মিরসরাই শত্রুমুক্ত হয়েছিল ১৯৭১ সালের ৮ ডিসেম্বর। এলাকার মুক্তিকামী জনতা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হটিয়ে মিরসরাইকে মুক্ত করেন সেদিন।যুদ্ধকালীন মিরসরাই থানার ডেপুটি কমান্ডার ছিলেন বর্তমান মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর উদ্দীন চৌধুরী। তিনি জানান, ডিসেম্বরের প্রথম দিকেই মিরসরাইয়ের প্রায় এলাকা শত্রুমুক্ত হয়। কিন্তু তখনো কিছু পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকাররা থানা সদরে অবস্থান করছিল। তাদের আস্তানা ছিল মিরসরাই উচ্চবিদ্যালয় (বর্তমান মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়) ও থানায়। ফলে মিরসরাইকে আনুষ্ঠানিক শত্রুমুক্ত ঘোষণা করা যাচ্ছিল না। ৮ ডিসেম্বর পাকিস্তানি সেনারা মিরসরাইয়ের ওয়্যারলেস ভবন ধ্বংস করে থানা সদরে অবস্থান করছিল। খবর পেয়ে প্রত্যন্ত অঞ্চলে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। একসময় পাকসেনারা পিছু হটে। মুক্ত হয় মিরসরাই। চারদিক থেকে মুক্ত মানুষের জোয়ারে মিরসরাই উচ্চবিদ্যালয় মাঠ জনসমুদ্রে পরিণত হয়। সেখানে মৌলভি শেখ আহাম্মদের কোরআন তিলাওয়াতের পর জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা তোলেন ছাত্রনেতা ও মুক্তিযোদ্ধারা। এ সময় জাফর উদ্দীন ছাড়াও উপস্থিত ছিলেন এ এফ এম নিজাম উদ্দীন, মো. নিজাম উদ্দীন, মো. আবু তাহেরসহ অনেক মুক্তিযোদ্ধা। জয় বাংলা শ্লোগানে মুখরিত ওই সমাবেশে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় আজ থেকে (৮ ডিসেম্বর) শত্রুমুক্ত হলো মিরসরাই ভূ-খণ্ড। মুক্তিযোদ্ধাদের দাবি, প্রতিবছর মিরসরাইয়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৮ ডিসেম্বর মিরসরাই মুক্ত দিবস পালন করা হোক। এতে নতুন প্রজন্ম জানতে পারবে কীভাবে তাদের পূর্ব পুরুষেরা যুদ্ধ করে এলাকাকে শত্রুমুক্ত করেছিল। মুক্তিযুদ্ধ সম্পর্কেও সঠিক ধারণা পাবে তারা।