মিরসরাইয়ে আ. লীগে দুই ও বিএনপিতে তিন ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী নির্বাচনকে ঘিরে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এক বছরের বেশি সময় ধরে দুদলের নেতারা আলাদা আলাদাভাবে বিভিন্ন দলীয় ও জাতীয় দিবসের কর্মসূচি পালন করে আসছেন। বর্তমানে আওয়ামী লীগে দুটি ও বিএনপিতে তিনটি ধারা বিরাজ করছে। শেষ পর্যন্ত নির্বাচনে দুই দলই অংশ নিলে এই কোন্দলের প্রভাব ভোটের বাক্সে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
সংশ্লিষ্ট নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগের দুপক্ষের এক পক্ষ স্থানীয় সাংসদ ও দলের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের সমর্থক। অপর পক্ষ উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের সমর্থক। দুজনই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কিনেছেন ও জমা দিয়েছেন। তাঁদের সমর্থনে রয়েছে উপজেলা ছাত্রলীগ, যুবলীগের একাধিক কমিটিও। এলাকার নেতা-কর্মীদের মধ্যে বিষয়টি এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে উভয় পক্ষের নেতারা নির্বাচনের আগেই কোন্দল মিটে যাবে বলে আশাবাদী।
জানতে চাইলে সাংসদ মোশাররফ হোসেনের পক্ষের বলে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান কোন্দলের কথা স্বীকার করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জিততে হলে দলের কোন্দল মিটিয়ে ফেলতে হবে। কিন্তু এ নিয়ে আলোচনার জন্য গত সপ্তাহে উপজেলার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের ডাকা বৈঠকে উপজেলা চেয়ারম্যান আসেননি। শেখ আতাউর রহমান বলেন, উপজেলা চেয়ারম্যানের পক্ষকে শর্তহীন আলোচনায় আসতে হবে। মোশাররফ হোসেনের বিকল্প কেউ মিরসরাইয়ে নেই বলে তিনি মন্তব্য করেন।
উপজেলা চেয়ারম্যানের সমর্থক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. রফিকুজ্জামান বলেন, নির্বাচনের আগে কোন্দল মিটিয়ে ফেলা দরকার। তবে তিনি কোন্দলের জন্য সাংসদের সমর্থকদেরই দায়ী করেন। তিনি বলেন, মোশাররফ হোসেনের সমর্থকদের কাছে ত্যাগী কর্মীদের মূল্যায়ন নেই। অপরদিকে গিয়াস উদ্দীন এলাকার মানুষের আপদে-বিপদে পাশে থাকেন। তাই মিরসরাইয়ে গিয়াস উদ্দীনের বিকল্প নেই।
এদিকে মিরসরাই উপজেলা বিএনপিতে রয়েছে তিনটি ধারা। এর মধ্যে একটির নেতৃত্বে আছেন গতবারের নির্বাচনে পরাজিত প্রার্থী কামাল উদ্দিন, একটিতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসম্পাদক মো. নূরুল আমিন (সাবেক চেয়ারম্যান), অন্যটিতে জাসাস চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম চৌধুরী। উপজেলা বিএনপির কোনো কমিটি না থাকার সুযোগে মূলত তাঁরাই দলের নেতা-কর্মীদের পরিচালনা করেন।
দলের মধ্যে কোন্দলের কথা স্বীকার করেন কামাল উদ্দিনের ঘনিষ্ঠজন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমিন। তিনি বলেন, কামাল উদ্দিন কেন্দ্রীয় কমিটির সদস্য, গতবার নির্বাচন করেছেন। এবারও বিএনপি নির্বাচন করলে তিনিই দলের মনোনয়ন পাবেন এবং নেতা-কর্মীরা তাঁর পক্ষে কাজ করবেন। কিছু লোক ফায়দা লোটার জন্য তাঁর বিরোধিতা করেন বলে নূরুল আমিন মন্তব্য করেন। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর বলেন, কামাল উদ্দিন সাহেব যোগ্য ব্যক্তি হলেও মাঠের আন্দোলন-সংগ্রামে তাঁকে দেখা যায় না। অন্যদিকে হরতাল-অবরোধসহ দলের সব কর্মসূচিতে নূরুল আমিন চেয়ারম্যান ও শাহিদুল ইসলাম কর্মীদের সঙ্গে থাকেন। কাজেই এ দুজনের একজনকে মনোনয়ন দিলে তৃণমূলের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবেন।
তবে তিন পক্ষই আশা প্রকাশ করছে নির্বাচনের আগেই দলীয় কোন্দল মিটিয়ে ফেলা সম্ভব হবে। এ ছাড়া, কেন্দ্র থেকে নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁরা নির্বাচনের কথা না ভেবে আন্দোলনের কথা ভাবছেন বলে জানান।