মিরসরাইয়ে দ্রুত কমে যাচ্ছে আবাদি জমি। বাড়িঘর, দোকানপাট, কলকারখানা তৈরিতে আবাদি জমির ব্যবহার বন্ধ করা না গেলে এক দশক পরে এখানে চরম খাদ্যঘাটতির আশঙ্কা করছে স্থানীয় কৃষি বিভাগ।মিরসরাই কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, অপরিকল্পিত বাড়িঘর, ইটভাটা, দোকানপাট নির্মাণ, ছোট বড় শিল্পকারখানার জন্য জমি কিনে মাটি ভরাট করার ফলে দ্রুত কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণ। উপজেলায় ২০০৩-০৪ সালে আমনের আবাদি জমির পরিমাণ ছিল ২২ হাজার ৪২০ হেক্টর। আউশ, আমন, বোরো ফসলের উৎপাদন ছিল ৮০ হাজার ৫৭ মেট্রিকটন (চালের হিসাবে)। বর্তমানে কৃষি জমি আছে ২১ হাজার ৩০০ হেক্টর। গত পাঁচ বছরে কৃষি জমি কমেছে এক হাজার ১২০ হেক্টর। উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ বড়ুয়া জানান, উপজেলায় বছরে খাদ্যের চাহিদা রয়েছে ৮২ হাজার ৫৮৯ মেট্রিকটন চাল। তিন মৌসুমে উপজেলায় উৎপাদন হয় ৮৭ হাজার ৬৮ মেট্রিকটন চাল। উপজেলার চাহিদা মিটিয়ে উৎপাদিত বাকি চার হাজার ৪৭৯ মেট্রিকটন চাল দেশের অন্যত্র চলে যায়। তবে জমির পরিমাণ যেভাবে কমছে এক দশক পরে উপজেলায় খাদ্য উৎপাদনে চরম ঘাটতি দেখা দেবে। এ বিষয়ে এখনই সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। জানা গেছে, উপজেলার প্রবাসী লোকজন ও নতুন করে অর্থবিত্তের মালিক হওয়া ব্যক্তিরা কৃষি জমিতে গড়ে তুলছেন বাড়িঘর। উপজেলায় রিয়েল এস্টেট ব্যবসার নামে কৃষি জমি কিনে নিচ্ছে কয়েকটি চক্র (সিন্ডিকেট)। এভাবে জমি কিনে মাটি ভরাট করে ‘প্লট বাণিজ্য’ কৃষি জমি কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছে উপজেলার সচেতনমহল। পাশের সীতাকুণ্ড উপজেলা শিল্প এলাকা হিসেবে পরিচিত। ওই উপজেলায় বর্তমানে নতুন শিল্পকারখানা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় জায়গার সংকট দেখা দিয়েছে। তাই ছোট বড় শিল্পমালিকেরা মিরসরাইয়ে শিল্পকারখানা গড়ে তোলার জন্য জমি সংগ্রহের দিকে ঝুঁকছেন। ইতিমধ্যে নাহার অ্যাগ্রো লিমিটেড, সিপি বাংলাদেশসহ (সিপি একাই মোট চার স্থানে বহু জায়গা কিনেছে) কয়েকটি কোম্পানি কৃষি জমি ব্যবহার করে মিরসরাইয়ে ছয়টি শিল্পকারখানা গড়ে তুলেছে। গত এক দশকে কৃষি জমির ওপর গড়ে উঠেছে ছয়টি পেট্রলপাম্প ও সিএনজি স্টেশন।একাধিক সূত্র জানায়, হিংগুলী ও জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরালী এবং সোনাপাহাড় এলাকায় শিল্পকারখানা প্রতিষ্ঠার জন্য একটি স্টিলমিল কোম্পানি এক হাজার ২০০ একর জমি সংগ্রহের কাজ শুরু করেছে। স্থানীয় লোকজন জানান, ওই জমিতে প্রতি বছর আমন ও বোরো চাষ করা হয়। শিল্পপ্রতিষ্ঠান হলে হয়তো দেশের অন্য ধরনের উন্নয়ন হবে। কিন্তু এই এলাকার খাদ্য উৎপাদন কমে যাবে। করেরহাট ও ওয়াদেহপুর এলাকায় শিল্পকারখানা গড়ে তুলতে চক্রের মাধ্যমে কৃষি জমি সংগ্রহ করছে সিপি (কেরিয়ন প্রসপারিটি) বাংলাদেশ নামে একটি কোম্পানি। সিপি বাংলাদেশ ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলন্দহ এলাকায় নয় একর কৃষি জমির ওপর আরও একটি নতুন পোল্ট্রি হ্যাচারি করতে সিন্ডিকেটের মাধ্যমে জমি সংগ্রহ করে যাচ্ছে। তবে এসব কোম্পানির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের কাছে জমি বিক্রি না করলে তারা জোর করে তা দখল করে নেয়। সিপি বাংলাদেশের বিরুদ্ধেও একই অভিযোগ পাওয়া গেছে। কমলদহের একাধিক মানুষ অভিযোগ করছেন, তাঁরা কৃষি জমি বিক্রি না করলেও সিপি স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাঁদের তিন একর সম্পত্তি দখল করে কাজ শুরু করেছে। এ ব্যাপারে বড়কমলদহ গ্রামের জমির মালিক ও একই এলাকার নুর হোসেন, আবদুল্লাহ আল মাসুদ, নুরুল আমিন, নূর নবী, আবুল কালামসহ কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে মিরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক বিজ্ঞপ্তি (স্মারক নম্বর: ৪১৫, ১০ মে ২০১০) দিয়ে কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন। বর্তমানে ওই স্থানে কাজ বন্ধ থাকলেও বৈধ কাগজপত্র নিয়ে সিপি কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হননি। এ ছাড়া জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ৯০ শতক কৃষি জমি পাহাড় কেটে মাটি ভরাটের কাজ চালিয়ে যাচ্ছে নাহার অ্যাগ্রো লিমিটেড। মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম একাধিক কোম্পানি কৃষি জমি কিনে নামজারি করে নেওয়ার কথা স্বীকার করেছেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈধভাবে জায়গা কিনে নামজারি (খতিয়ান খোলা) করতে চাইলে আইন অনুযায়ী সেটা করতে তিনি (সহকারী কমিশনার) বাধ্য। মিরসরাইয়ের উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন জানান, তিনিও স্থানীয় লোকজনের কাছ থেকে সিপি বাংলাদেশের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ পেয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনকে খতিয়ে দেখার জন্য অনুরোধ করেছেন বলে জানান।সিপি বাংলাদেশ কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তি পাঠানোর কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুল হক বলেন, তাঁরা বিজ্ঞপ্তি পেলেও এই পর্যন্ত কেউ আসেননি। তবে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, গত ১৯ মে মিরসরাই উপজেলা সমন্বয় কমিটির (উপজেলা পর্যায়ের সর্বোচ্চ ফোরাম) মাসিক সভায় স্থানীয় সংসদ সদস্য মোশাররফ হোসেন কৃষি জমি কমে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কৃষি জমি নষ্ট করে শিল্পকারখানা গড়ে তোলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি (সংসদ সদস্য) কৃষি জমি বাদ দিয়ে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের পূর্ব পাশে পাহাড়ের পাদদেশে নতুন শিল্পকারখানা স্থাপনের পরামর্শ দেন। কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কেউ যাতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে না পারে সেদিকে স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে নির্দেশ দেন।