মিরসরাইয়ে আবাদি জমি নষ্ট করে রাস্তা নির্মাণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাইয়ে ভূমিমালিকদের সঙ্গে কথা না বলেই অপ্রয়োজনীয় রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি মিরসরাইয়ের ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ-সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেছেন।২৪ জনের সইযুক্ত অভিযোগপত্রে বলা হয়েছে, বর্তমানে যেখানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রাস্তাটি তৈরি করছে, সেখানে রাস্তার কোনো প্রয়োজনই নেই। অতীতে কখনো কোনো রাস্তাও ছিল না সেখানে।স্থানীয় অধিবাসী মো. নুরুল আলম অভিযোগ করেন, রাস্তাটি নির্মাণ করলে তিনটি বাড়ির লোকজনের উপকার হবে। অথচ গ্রামের শত শত মানুষ ক্ষতির সম্মুখীন হবে।অভিযোগকারী মো. শামসুদ্দিন বলেন, রাস্তাটি নির্মাণ করলে কমপক্ষে ৪০টি পরিবার ক্ষতির সম্মুখীন হবে, আর লাভবান হবে মাত্র নয়টি পরিবার। তা ছাড়া যে নয়টি পরিবার লাভবান হবে তাদের চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা আছে। গুটিকয়েক লোকের স্বার্থ উদ্ধারের জন্য রাস্তাটি নির্মাণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। তবে এলাকাবাসীর যদি আপত্তি থাকে তাহলে রাস্তাটি নির্মাণ করা হবে না। তিনি আরও বলেন, যেখানে আপত্তি নেই সেখানেই রাস্তা হবে। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইসমাইল হোসেনকে প্রশ্ন করলে বলেন, বিষয়টি জানার পর ওই রাস্তা নির্মাণ বন্ধ আছে। চেয়ারম্যানের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।