মিরসরাইয়ে উৎসবের আমেজে চলছে বিকিকিনি
মিরসরাইয়ের বিপণিকেন্দ্রগুলোতে ঈদের কেনাকাটা পুরোদমে জমে উঠেছে। বাহারি পোশাকসহ ঈদের সাজের রকমারি পণ্যে সাজানো দোকানগুলোতে এখন উৎসবের আমেজ। তবে বাজারে বড়দের চেয়ে ছোটদের পোশাকের চাহিদা বেশি, বিক্রিও বেশি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, দোকানিরা অবস্থা বুঝে সব পণ্যের দাম বেশি হাঁকছেন। উপজেলার ছোট-বড় বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে শিশু-কিশোর, তরুণ-তরুণী, গৃহবধূদের পদভারে মুখর হয়ে উঠেছে প্রায় সব দোকান। চমক লাগানো বিভিন্ন নামের পোশাকের মধ্যে বেশি চলছে ওয়াকা ওয়াকা, সাকিরা, তেরে নাম, সোহানা, কোটালি, আদুরি, বিদায় সাজনা, চায়না প্রিন্ট আর গতবারের জনপ্রিয় মাসাকালি। ক্রেতাদের অভিযোগ, সবকিছুর দাম আগের তুলনায় বেশি হাঁকা হচ্ছে। বাচ্চাদের পোশাক কিনতে মিঠাছড়া শাহজাহান সুপার মার্কেটে আসা পারভিন আক্তার ও মহিউদ্দিন বলেন, ‘একই রকম পোশাকের একেক দোকানে একেক দাম হাঁকা হচ্ছে। পাশাপাশি হলেও এক দোকান থেকে আরেক দোকানে দামের ফারাক অনেক। এ অবস্থায় পোশাকের প্রকৃত দাম বুঝে নিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।’ উপজেলার বারইয়ারহাট পৌরবাজারের জামালপুর মার্কেট, মসজিদ গলির ছোট-বড় বিভিন্ন বিপণিকেন্দ্র, মিঠাছড়া বাজারের আল আমিন মার্কেট, মুক্তিযোদ্ধা শাহজাহান সুপার মার্কেট, বর্ণালী শপিং সেন্টার, করেরহাটের ওবায়েদ ছালেহা প্লাজা ও উপজেলা সদরে খায়ের শপিং, কাশেম মার্কেট, হাওয়া শপিং সেন্টারসহ সব বিপণিকেন্দ্রে বিকিকিনি বেশি জমে উঠেছে। এ ছাড়া আবুরহাট, জোরারগঞ্জ, আবুতোরাব, বড়তাকিয়া বাজারের বিপণিকেন্দ্রগুলোতেও বেচাকেনা হচ্ছে আশানুরূপ। করেরহাট ওবায়েদ ছালেহা প্লাজার মিলন ব্রাদার্সের মালিক মীর কাশেম জানান, তাঁর দোকানে ছোটদের তৈরি পোশাক ও কাজ করা শাড়ির চাহিদা রয়েছে বেশ। দামও হাতের নাগালে।দোকানমালিকদের মতে, প্রতিবার মফস্বলে ঈদের বাজার রমজানের মাঝামাঝি জমে উঠলেও এবার বিষয়টি ভিন্ন, শহরের মতো এখানেও এবার রমজানের প্রথম দিকেই ঈদের বেচাকেনা শুরু হয়েছে। বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে নানা বয়সী ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন স্থানীয় বিপণিকেন্দ্রগুলোতে শহরের মতো নিত্যনতুন অনেক পোশাক পাওয়া যায়, তাই শহর থেকে বাজার না করে এবার নিজ নিজ এলাকায় ঈদের বাজার সারছেন তাঁরা। মিঠাছড়া বাজার উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আলী আসগর জানান, স্থানীয় বাজারগুলোতে ক্রেতারা আগের তুলনায় অনেক নিরাপদ, তাই ক্রেতারা বাড়ির কাছের বাজারে স্বচ্ছন্দে কেনাকাটা করতে আগ্রহ দেখাচ্ছেন। বিপণিকেন্দ্রগুলোতে নিরাপত্তার ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, প্রতিটি বাজারে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া, সাদা পোশাকে কিছু পুলিশ দায়িত্ব পালন করছেন। তিনি জানান, প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।