মিরসরাইয়ে দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম হ্রদ মহামায়া সেচ প্রকল্পের নির্মাণকাজ এখন প্রায় শেষের দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন উপজেলার ঠাকুরদীঘি থেকে এক কিলোমিটার পূর্বে পাহাড়ি ঝরনা (স্থানীয়দের ভাষায় ঝরঝরি) অভিমুুখে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তিন হাজার ৩৬০ হেক্টর জমি বোরো চাষের আওতায় আনা এবং শুষ্ক মৌসুমে ইরি চাষের লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ড ২০০৭-০৮ অর্থবছরে ২৩ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শুরু করে। মহামায়া ছড়ার ওই প্রকল্প নিয়ে স্থানীয় কৃষকেরা আশায় বুক বাঁধতে শুরু করেছেন। পাশাপাশি এটিকে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে পাওয়ার অপেক্ষায় রয়েছেন প্রকৃতিপ্রেমী মানুষ। পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বর্তমান মহামায়া প্রকল্পের আওতায় মাটির ড্যাম, সংযোগ সড়ক, স্পিলওয়ে, অবকাঠামো ইত্যাদি নির্মাণ করা হচ্ছে। মাটির ড্যাম (বাঁধ) নির্মাণকাজ শেষ হলে এখান থেকে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। জানা গেছে, ১৯৭৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে মিরসরাইয়ের সংসদ সদস্য মোশাররফ হোসেন এলাকার কয়েক হাজার অনাবাদি জমি চাষের আওতায় আনার লক্ষ্যে এ প্রকল্পের ব্যাপারে সংসদে প্রস্তাব করেন। তৎকালীন সরকার প্রকল্পটি প্রথম অনুমোদন করলেও ১৯৮৬ সালে প্রকল্পের আওতাধীন ৩০ কিলোমিটার মহামায়া ছড়া প্রথম খননকাজ শেষ করা হয়। এরপর নানা কারণে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৮-৯৯ অর্থবছরে একটি রাবারড্যাম এবং একটি স্লুইসগেট নির্মাণের জন্য অর্থবরাদ্দ দেওয়া হয়। ওই বছর ওসি মিয়ার পুল এলাকায় একটি স্লুইসগেট নির্মাণ করা হয়। এরপর আবার কাজ বন্ধ হয়ে যায়। ২০০৪ সালে গড়িয়াইশ এলাকায় রাবারড্যাম নির্মাণকাজ শেষ হয়। তবে এ সময় প্রকল্পের আওতাধীন খালগুলো সংস্কার না করায় কৃষকেরা ড্যামের সুফল পাননি। ২০০৭-০৮ অর্থবছরে ৩০ কিলোমিটার মহামায়া ছড়া সংস্কার এবং ১১ বর্গকিলোমিটার মাটির ড্যাম এবং সংযোগ সড়ক নির্মাণে সরকার ২৩ কোটি টাকা বরাদ্দ দেয়। বর্তমানে প্রকল্পের সিংহভাগ কাজ শেষ হয়েছে। এক মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। কাজ শেষ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী কে ও থোয়াই ওয়ে মার্মা জানান, ‘এ মাসেই (জুলাই) কাজ শেষ করার কথা থাকলেও বৃষ্টির কারণে দেরি হচ্ছে। অপর প্রশ্নের উত্তরে তিনি বলেন, ১১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বাঁধ, হ্রদ ইত্যাদি তৈরি করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন হাজার ৩৬০ হেক্টর জমিতে বোরো চাষ সম্ভব হবে। তিনি বলেন, ‘প্রকল্পকে ঘিরে পর্যটনকেন্দ্র গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা আছে। সরকার চাইলে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে এ এলাকায় পর্যটনকেন্দ্র গড়ে তুলতে পারে।’ এ ছাড়াও এখানে ২০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে বলেও তিনি জানান। উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই হাজার হেক্টর জমিতে অতিরিক্ত ১০ হাজার মেট্রিকটন ধান উৎপাদন সম্ভব হবে। যার বাজার মূল্য দাঁড়াবে প্রায় এক কোটি ৭০ লাখ টাকা। এতে চাষ হবে বিভিন্ন ধরনের শাকসবজিও। ফলে ওই এলাকার কৃষকেরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন। উপজেলা প্রকৌশলী মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয় সংসদ সদস্যের নির্দেশে মহামায়া হ্রদ এলাকায় পর্যটনকেন্দ্র স্থাপনের লক্ষ্যে অবকাঠামো নির্মাণের জন্য একটি প্রস্তাব স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়েছে। প্রকল্পব্যয় ধরা হয়েছে প্রায় ছয় কোটি ৩৯ লাখ টাকা। এখানে ঝুলন্ত সেতু, কেব্ল্ কার, ওয়াকওয়ে, বাগান, বিশ্রামাগার, জেটি, পিকনিক কর্নার, পার্কিং এলাকার প্রস্তাব করা হয়েছে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফ জামান জানান, মহামায়া রাবারড্যাম প্রকল্পের কাজ শেষ হলে এটি কাপ্তাই হ্রদের পর দেশের দ্বিতীয় বৃহত্তম হ্রদ হিসেবে গড়ে উঠবে। প্রকল্পের আওতায় দর্শকদের চলাচলের সুবিধার্থে দুই কোটি টাকা ব্যয়ে ১১ বর্গকিলোমিটারের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হবে।মিরসরাইয়ের সংসদ সদস্য ও বিমান, পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রথম আলোকে জানান, ‘মহামায়া সেচ প্রকল্পকে একটি পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে অবকাশযাপনের জন্য পাহাড়ের খাঁজে নির্মাণ করা হবে অত্যাধুনিক কটেজ।’ তিনি আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে তাঁর নিজের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে এবং ওই এলাকার কৃষক ও কৃষিতে একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে।