মিরসরাইয়ে খুদে শিল্পীদের পরিবেশনা
স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে মিরসরাইয়ে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে বিকেলে শিল্পকলা একাডেমীর খুদে শিল্পীদের গান ও নৃত্য উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জসিম উদ্দীনের শুভেচ্ছা বক্তব্যের পর সমবেত কণ্ঠে ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’ গানের মধ্য দিয়ে শুরু হয় খুদে শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান। একে একে পরিবেশিত হয় দলীয় ও একক গান এবং নাচ। মিরসরাই কবিতা পরিষদের সাধারণ সম্পাদক সুলতান মোহাম্মদের সঞ্চালনায় ও শিল্পকলা একাডেমীর পরিচালনা পরিষদের সদস্য শারফুদ্দীন কাশ্মীরের নির্দেশনায় শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা করেন গানের শিক্ষক ওস্তাদ রণজিৎ ধর ও নাচের প্রশিক্ষক কলি ভৌমিক। অনুষ্ঠানের একপর্যায়ে মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলামসহ অনেক গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে খুদে শিল্পীদের উৎসাহ দেন।অনুষ্ঠানে তাবাস্সুম, ইউসরা শারফুদ্দীন, তাছমিয়াহ্, বাঁধন, প্রমি, অনিক, অনি, তাহি, সুরভী, বৈশাখী, তরী, প্রিয়া, তানহা, পূজা, ঋতু, তন্দ্রা প্রমুখ খুদে শিল্পী গান ও নাচে অংশ নেয়।এ ছাড়া স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মিরসরাই কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, বাসদ, মিরসরাই প্রেসক্লাব, জাগরণ সংসদ, মিরসরাই ডিগ্রি কলেজ, মিরসরাই কবিতা পরিষদসহ বহু সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। বেলা ১১টায় মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রায় এক হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে উপজেলা সদরে শোভাযাত্রা বের করেন। এরপর আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, যুদ্ধের সময়ের বিভিন্ন দলিল প্রদর্শনীর মাধ্যমে উপজেলা প্রশাসন উদ্যাপন করে স্বাধীনতার ৪০ বছর।