মিরসরাইয়ে ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাঈন উদ্দিন প্রকাশ ওরফে টিটুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ছাত্রলীগের নেতা-কর্মীদের দেওয়া বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাঁকে বহিষ্কার করা হয়।প্রত্যক্ষদর্শী ও দলীয় একাধিক সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে এ উপলক্ষে উপজেলার জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সমাবেশ আহ্বান করা হয়। সমাবেশে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকসুদ আহাম্মদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হক, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রকাশসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। জানা গেছে, সমাবেশে উপস্থিত নেতা-কর্মীরা বহিষ্কৃত টিটুর বিরুদ্ধে সাংগঠনিক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ আনেন।বহিষ্কারপত্রে স্বাক্ষর করেন মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হক ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। মিরসরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল হক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাঁর বিরুদ্ধে ব্যাপক অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তৌহিদুল হক আরও বলেন, সমাবেশে পাঁচ শতাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।তবে এ সম্পর্কে টিটু প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতার ইন্ধনে এসব হচ্ছে।’ তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘যাঁরা আমাকে বহিষ্কার করেছেন বলে প্রচারণা চালাচ্ছেন, তাঁরা বহিষ্কারের ক্ষমতা রাখেন না।’