মিরসরাইয়ে ছাত্রলীগ নেতাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
মিরসরাই উপজেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক আশেক এলাহী ওরফে রাসেলকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত শনিবার রাতে বারইয়ারহাট পৌর বাজারের অটোরিকশা স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত রাসেল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।এ ঘটনায় রাসেলের স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে দুর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস খান, শাহাদাত হোসেনসহ অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে মামলা করেছেন। রাসেলের স্ত্রী সুমি আক্তার অভিযোগ করেন, রাসেল শনিবার সন্ধ্যায় বারইয়ারহাটে গেলে ফেরদৌস খানের নেতৃত্বে সাত-আটজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ প্রসঙ্গে মিরসরাই থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘ফেরদৌসের চোরাই রাবার পুলিশকে ধরিয়ে দেওয়ার জের ধরে রাসেলের ওপর হামলা হয়েছে।’ তিনি জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন। এ ব্যাপারে ফেরদৌস খানের বক্তব্য জানার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।