মিরসরাইয়ে দুই দলেই একাধিক প্রার্থী
দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তেমন উচ্ছ্বাস ছিল না। তবে বিএনপির অংশ নেওয়ার ঘোষণার পর আগামী ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিতেয় উপজেলা নির্বাচন ঘিরে আমেজ তৈরি হয়েছে মিরসরাইয়ে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নিজেদের প্রার্থী নিয়ে বিএনপির সঙ্গে দর-কষাকষি করছে জামায়াতও। সব মিলিয়ে এবার জমজমাট নির্বাচনেরই আভাস মিলছে।
নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কোন্দলে জড়িয়ে পড়ছেন বলে জানা গেছে। মিরসরাইয়ের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা মো. গিয়াস উদ্দীন মনোনয়নপত্র কেনায় দলে তাঁর বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমানও উপজেলা চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন কিনেছেন। এতে উপজেলা আওয়ামী লীগের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতারা ২৪ জানুয়ারি বৈঠকে বসেন। একই দিন বিএনপির নেতারাও বৈঠক করেন। তবে দুই দলের বৈঠকেই একক প্রার্থীর বিষয়ে কোনো মতৈক্য হয়নি।
বিএনপির পক্ষ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন কিনেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আলাউদ্দীন ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান, বারৈয়ারহাটের সাবেক মেয়র জালাল উদ্দীন, উত্তরজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, গতকাল শনিবার চট্টগ্রামে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর জেলা আওয়ামী লীগের কমিটিতে মিরসরাইয়ের যেসব নেতা আছেন তাঁরা অংশ নেন। সভায় উপস্থিত নেতারা চেয়ারম্যান পদে শেখ আতাউর রহমানকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেন। এ ঘোষণার প্রতিক্রিয়ায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন বলেন, ‘আমি তৃণমূলের প্রার্থী। তৃণমূলের নেতা-কর্মীরা আমাকে চেয়েছেন বলে দলের স্বার্থেই নির্বাচন করছি।’
উপজেলা বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন প্রশ্ন করা হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দীন চৌধুরী বলেন, ‘চেষ্টা চলছে ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী দেওয়ার। দলের পক্ষ থেকে আমরা জালাল উদ্দীনকেই সমর্থন জানিয়েছি।’
এদিকে পুরুষ ও নারী ভাইস চেয়ারম্যান পদে জামায়াতও প্রার্থী দিতে চায় বলে জানিয়েছেন কামাল উদ্দীন। এ ব্যাপারে বিএনপির সঙ্গে যোগাযোগও করে চলেছেন জামায়াতের নেতারা।