মিরসরাইয়ে দুটি সড়কের জন্য ১৫ হাজার মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের ইছাখালী ও কাটাছড়া ইউনিয়নের সীমান্তবর্তী আবুরহাট-ছাত্তার-ভূঁইয়ারহাট সড়ক এবং খইয়াছড়া ও ওয়াহেদপুর ইউনিয়নের সীমান্তবর্তী কাজীপাড়া সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার করা হচ্ছে না। সড়ক দুটির অবস্থা এতই খারাপ যে পায়ে হেঁটে চলাচল করাও অসম্ভব হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার প্রায় ১৫ হাজার মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, সড়ক দুটি চার ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় কোনো চেয়ারম্যানই সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না। আবুরহাট-ছাত্তার-ভূঁইয়ারহাট সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ, উত্তর কাজীপাড়া, মুন্সিপাড়া, মিঝিপাড়া ও কাটাছড়া ইউনিয়নের বাড়িয়াখালী, কাজীগ্রাম, পশ্চিম কাটাছড়া, গোড়াতলী, ইদিলপুর গ্রামের শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ প্রায় ১০ হাজার বাসিন্দা।সরেজমিনে দেখা গেছে, প্রায় তিন কিলোমিটার সড়কে ১৯৯৪-৯৫ অর্থবছরে এলজিইডির অর্থায়নে ইট বসানো হয়। ইটগুলোর অধিকাংশ ভেঙে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন অংশ দেবে পাশের পুকুরের সঙ্গে মিশে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, সড়কটিতে ইট বসানোর দেড় দশক কেটে গেলেও এটি আর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে ওই সড়ক দিয়ে পায়ে হেঁটে চলাচল করাও দায় হয়ে পড়েছে। তারপরও এলাকার আট-নয়টি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, স্থানীয় কৃষক ও এলাকাবাসী এ সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, আবুরহাট, ঝুলুনপোল, মাদবারহাট ও জোরারগঞ্জ বাজারে যাওয়া-আসা করতে বাধ্য হচ্ছেন। সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির চৌধুরী ও মাওলানা মো. আবু তাহের সড়কটির অবস্থা খুবই খারাপ স্বীকার করে বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এদিকে, খইয়াছড়া ও ওয়াহেদপুর ইউনিয়নের সীমান্তবর্তী কাজীপাড়া সড়কের অবস্থা আরও খারাপ। ওই সড়ক দিয়ে প্রতিদিন নিজামপুর কলেজ, নিজামপুর মোসলিম উচ্চবিদ্যালয়, সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়, মির্জাবাজার দাখিল মাদ্রাসা, মসজিদিয়া ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গাছবাড়িয়া, ভূঁঞাপাড়া, কাজীপাড়া, মসজিদিয়া, মুহুরীপাড়ার প্রায় পাঁচ হাজার মানুষ চলাচল করেন। স্থানীয় সাহাবউদ্দিন ভূঁঞা, আলাউদ্দিন ও আবুল কাশেম অভিযোগ করেন, ‘সামান্য বৃষ্টিতে সড়কটি কাদায় ভরে যায়। দুই ইউনিয়নের সীমান্তবর্তী হওয়ায় কোনো চেয়ারম্যান সড়কটি সংস্কারের উদ্যোগ নিচ্ছেন না।’ তাঁরা জানান, চলতি বছর খইয়াছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাটির কাজ করা হয়। কিন্তু শুষ্ক মৌসুমে তা না করে বর্ষা মৌসুমে কাদা মাটি দিয়ে কাজ করায় মানুষের উপকারের চেয়ে অপকার বেশি হয়েছে।খইয়াছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুজ্জামান সড়কের দুরবস্থার কথা স্বীকার করে জানান, ‘সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, ‘সড়ক দুটি সংস্কারের জন্য প্রস্তাব দেওয়া আছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।’