মিরসরাইয়ে ধানের হাট জমজমাট
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন বাজারে ধান উঠতে শুরু করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকারি ব্যবসায়ীরা উপজেলার বড় দারোগারহাট ও বারইয়ারহাট থেকে ধান কিনছেন। প্রতি মণ ধান মানভেদে বিক্রি হচ্ছে ৭০০-৮৫০ টাকায়। তবে এই দামে সন্তুষ্ট নন কৃষকেরা। প্রত্যাশিত দাম না পেয়ে হতাশ তাঁরা।
মিরসরাই উপজেলার কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে উৎপাদিত ধান কাটা শুরু হওয়ায় কৃষকেরা বাজারে বিক্রির জন্য নিয়ে আসছেন। চট্টগ্রামের পাহাড়াতলী, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন বাজার থেকে প্রতি হাটবারে শত শত পাইকার ধান কিনতে মিরসরাইয়ের বাজারগুলোতে ছুটে আসেন। তার মধ্যে সব চেয়ে বড় হাট বসে বড় দারোগারহাট ও বারইয়ারহাটে।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন যানবাহনে করে কৃষকেরা বস্তাভর্তি ধান আনছেন বাজারে বিক্রি করতে। বারইয়ারহাট ও বড় দারোগারহাটে ধান বিক্রি হয় সোম ও বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত। উপজেলার বড় দারোগারহাটে কথা হয় হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের কৃষক অরুন দে ও অসিম দত্তের সঙ্গে। তাঁরা জানান, এবার ধানের দাম নিয়ে সন্তুষ্ট নন তাঁরা। উৎপাদন ভালো হলেও চাষের খরচ তুলে খুব একটা লাভ থাকবে না।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামীম হোসেন জানান, এবার উপজেলার দুই হাজার ১০০ হেক্টর জমিতে ধানের চাষ হয়েছে। এর মধ্যে এক হাজার ১৯৫ হেক্টর জমিতে উচ্চফলনশীল ও ১০৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধানের আবাদ হয়েছে। উপজেলায় চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আট হাজার ১০৬ মেট্রিক টন। উৎপাদন প্রত্যাশা অনুযায়ী হওয়ায় এবার লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে তিনি জানান।
বড় দারোগাহাটে ধান কিনতে এসেছিলেন ব্যবসায়ী এয়াছিন মিয়া। তিনি বলেন, এবার প্রতি মণ ধান ৭০০-৮৫০ টাকায় কিনে নোয়াখালীতে সরবরাহ করেছেন। ধানের মান ভালো হওয়ায় প্রতি মৌসুমে এখান থেকেই ধান কেনেন বলে জানান তিনি।