মিরসরাইয়ে নলকূপে গ্যাস!
মিরসরাইয়ে নলকূপের পাইপ দিয়ে বের হচ্ছে গ্যাস। উপজেলার মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের আবদুল হাকিম ভূঞার বাড়িতে নলকূপ বসাতে গিয়ে ওই গ্যাসের সন্ধান মিলেছে। নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর পেয়ে ১৩ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন ওই এলাকা পরিদর্শন করেন।আবদুল হাকিমের স্ত্রী সেলিনা আক্তার জানান, ৫ জুন তাঁর বাড়িতে একটি নতুন নলকূপ বসানো হয়। নলকূপ বসানোর মিস্ত্রিরা প্রায় ৪৫০ ফুট পর্যন্ত বোরিং করেন। এরপর বোরিং করা পাইপ দিয়ে বালু ঢালা হয়। কিন্তু বালু ঢালার পর মাটির নিচ থেকে বুদ্বুদ করে বালু ওপরের দিকে উঠে যায়। একপর্যায়ে পাইপের মুখে দেশলাইয়ের কাঠি জ্বালালে আগুন ধরে যায়। মিস্ত্রিরা ২৫০ ফুট পাইপ বোরিং করার পর গ্যাসের আলামত পেয়েছেন বলে তাঁকে জানিয়েছেন। সরেজমিনে দেখা গেছে, নতুন বসানো নলকূপের পাইপের গোড়ায় গ্যাস বের করার জন্য একটি ছোট পাইপ লাগানো হয়েছে। ওই পাইপের সঙ্গে গ্যাসের চুলা সংযোগ করে আবদুল হাকিম ভূঞার পরিবার এখন রান্নাবান্নার কাজ সারছেন। গ্যাস পাওয়া প্রসঙ্গে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়ার বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’