মিরসরাইয়ে নাচে গানে বর্ষবরণ
নেচে গেয়ে, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মিরসরাইয়ে বরণ করে নেওয়া হলো নতুন বছরকে। গত বৃহস্পতিবার বর্ষবরণ উপলক্ষে হাদি ফকিরহাট ও জোরারগঞ্জ বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। হাদি ফকিরহাট বর্ষবরণ উদ্যাপন পরিষদের উদ্যোগে বের করা শোভাযাত্রায় সবার নজর কাড়ে বিশাল আকৃতির একটি কৃত্রিম মোরগ। নিজামপুর মোসলিম উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল নয়টায় উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন শোভাযাত্রার উদ্বোধন করেন। ঢাক, ঢোল, সানাই, বর্ণিল ফেস্টুনে সাজানো শোভাযাত্রাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে হাদি ফকিরহাট থেকে নিজামপুর কলেজ এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় অংশ নেন নিজামপুর মোসলিম উচ্চবিদ্যালয়, মির্জা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইজিং সান কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরাসহ স্থানীয় লোকজন। এ ছাড়া ছিল দিনব্যাপী সংগীত প্রতিযোগিতা, শামসুল হুদা ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।মীর হোসেনের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, উদ্যাপন পরিষদের আহ্বায়ক ফরিদুল ইসলাম, জসিম উদ্দিন, মীর হোসেন মিলন প্রমুখ। জোরারগঞ্জ বৈশাখ বরণ উদ্যাপন পরিষদের উদ্যোগে দুই দিনের অনুষ্ঠানের মধ্যে বৃহস্পতিবার ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। শুক্রবার অনুষ্ঠিত হয় জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে ‘বাঙালি সংস্কৃতির বিকাশ ও ভবিষ্যৎ’ শীর্ষক কর্মশালা। সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক সুবাস সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যাপক ও মিরসরাই প্রথম আলো বন্ধুসভার সভাপতি বোরহান উদ্দিন। বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।