মিরসরাইয়ে পানিবন্দী লক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে মিরসরাইয়ের লক্ষাধিক মানুষ। পানিতে ভেসে গেছে বিভিন্ন মৎস্য প্রকল্পের প্রায় কোটি টাকার মাছ। তলিয়ে গেছে সবজিখেত, আউশ ও রোপা আমন ধানের বীজতলা। সড়ক পানিতে ডুবে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন লোকজন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইসমাইল জানান, উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভার সব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ১৫ হাজার পরিবার। বিভিন্ন সড়কের ছয়টি কালভার্ট এবং প্রায় ৫০ কিলোমিটার কাঁচা রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার ৩০টি মৎস্য প্রকল্প ও ৬৮৫টি ছোট-বড় পুকুরের মাছ ভেসে গেছে। এতে মৎস্যচাষিদের ক্ষতি প্রায় আড়াই কোটি টাকা। হিংগুলি ইউনিয়নের মেহেদিনগর গ্রামে ঢলের পানিতে মারা গেছে পাঁচ লাখ টাকার মুরগি। সরেজমিনে দেখা গেছে, করেরহাট ইউনিয়নের সরকারতালুক, ছত্তরুয়া, অলিনগর, পশ্চিম জোয়ার, ভালুকিয়া, খইয়াছড়া ইউনিয়নের ফেনাপুনি, পশ্চিম খইয়াছড়া, দক্ষিণ আমবাড়িয়া, জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী, সোনাপাহাড়, ইছাখালী ইউনিয়নের হাফিজগ্রাম, সাহেবদী নগর, বহদ্দারগ্রাম, পূর্ব ইছাখালী গ্রাম প্লাবিত হয়েছে। এ ছাড়া কাটাছড়া, হিংগুলি, ওসমানপুর, সাহেরখালী, ধুম, মিঠানালা, মঘাদিয়া, ওয়াহেদপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে রয়েছে।করেরহাট ইউনিয়নের সরকারতালুক গ্রামের রুহুল আমিন, ছত্তরুয়া গ্রামের সাইদুজ্জামানসহ আরও অনেকে জানান, লক্ষ্মীছড়ায় নির্মিতব্য একটি স্লুইস গেটের কারণে ছড়ার পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারেনি। ফলে ছড়ার বাঁধ ভেঙে পাহাড়ি ঢলের পানি গ্রামে ঢুকে পড়ে। জানা যায়, পাহাড়ি ঢলের কারণে করেরহাটের লক্ষ্মীছড়া, হিংগুলি ছড়া, মহামায়া ছড়া, গোভানীয়া খাল, ওয়াহেদপুর ছড়া ও গোবিন্দ মহাজন খালের পাড় উপচে পানি লোকালয়ে প্রবাহিত হচ্ছে। জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী এলাকায় ধসে পড়েছে মাটির তৈরি অনেক ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত দেলোয়ার ও পেয়ার আহম্মদ বলেন, খাল ও ছড়া ভরাট, অপরিকল্পিতভাবে তৈরি করা দোকানঘর ও ভবনের জন্য এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাঁরা খাল-ছড়ার পানি প্রবাহ স্বাভাবিক করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। খইয়াছড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহেদ ইকবাল জানান, পানিবন্দী হয়ে পড়ায় ফেনাপুনি এলাকায় কয়েক দিন ধরে কোনো ঘরে রান্না হয়নি। শুকনো খাবার খেয়ে কোনো রকমে দিন পার করছে। জানা গেছে, বন্যাকবলিত এলাকায় জেলা প্রশাসন থেকে ৩৬ মেট্রিক টন চাল ও ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চাহিদার তুলনায় যা খুবই অপ্রতুল। বিশেষ করে পানীয় জলের সংকট দেখা দিয়েছে। স্থানীয় লোকজন ত্রাণ তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন।উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, উপজেলায় আবাদকৃত প্রায় তিন হাজার হেক্টর আউশ ধান, ২০০ হেক্টর আমন ধানের বীজতলা এখনো পানির নিচে। দ্রুত পানি সরে না গেলে ফসলের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাবে। উপজেলার বন্যা পরিস্থিতি সম্পর্কে উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন জানান, বন্যার ব্যাপারে চট্টগ্রামের জেলা প্রশাসনকে জানানো হয়েছে। তারা জানায়, অপরিকল্পিতভাবে ঘরবাড়ি ও দোকান নির্মাণের ফলে খাল ও ছড়ার পানি উপচে লোকালয়ে প্রবেশ করেছে। এ ছাড়া দীর্ঘদিন খনন না করায় ভরাট হয়ে খাল এবং ছড়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।