মিরসরাইয়ে প্রতিবছর আগুনে পুড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে জনসাধারণ দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়ে আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও ভূমিসংক্রান্ত জটিলতায় আজও সেটি আলোর মুখ দেখেনি।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি শুষ্ক মৌসুমের শুরুতে উপজেলার করেরহাট, হিংগুলী, আবুরহাট, খইয়াছড়া, ওয়াহেদপুর, আবুতোরাব বাজার, মিরসরাই পৌরসভার মধ্যম তালবাড়িয়া, হাইতকান্দি, মায়ানী, মিঠানালাসহ বিভিন্ন এলাকায় (গত দুই মাসে) প্রায় ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৬৫টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার বেশি সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত লোকজনের দাবি, আগুন লাগলে সীতাকুণ্ড উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। কিন্তু সীতাকুণ্ড থেকে ফায়ার সার্ভিস কর্মীরা মিরসরাই উপজেলার ঘটনাস্থলে আসার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হতো।জানা গেছে, মিরসরাইয়ের বর্তমান সাংসদ সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন ও সাবেক সাংসদ এম এ জিন্নাহ প্রতিবার জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের অঙ্গীকার করে আসছেন। ১৯৯৬ সালে মিরসরাইয়ে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাংসদ মোশাররফ হোসেন (পরবর্তীকালে দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী) মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনে প্রক্রিয়া হাতে নিয়ে জায়গা খোঁজার উদ্যোগ নেন। কিন্তু সে সময়ও মিরসরাইয়ে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা সম্ভব হয়নি। মিরসরাইয়ে না হলেও পাশের ছাগলনাইয়া ও সীতাকুণ্ডে একাধিক ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হয়েছে। অথচ জনসংখ্যা ও আয়তনের দিক থেকে মিরসরাই ওই দুটি উপজেলা থেকে বড়। করেরহাট ইউনিয়নের ব্যবসায়ী বাহাউদ্দিন জানান, যত দ্রুত সম্ভব ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে। তিনি বলেন, পাশের উপজেলা ছোট হলেও সেখানে ফায়ার সার্ভিস স্টেশন আছে। অথচ মিরসরাই আয়তন ও জনসংখ্যার দিক দিয়ে বড় হলেও স্টেশন না থাকাটা দুঃখজনক।২০০১ সালে জোট সরকার ক্ষমতায় এলে স্টেশন স্থাপনপ্রক্রিয়া আবারও লালফিতায় বন্দী হয়ে থাকে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় একটি জায়গা অধিগ্রহণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হলে ভূমিমালিক ও প্রশাসন মামলায় জড়িয়ে পড়ে। বর্তমান সরকার ক্ষমতায় এলেও সেই মামলা চলতে থাকে। অভিযোগ রয়েছে, বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কারণে শেষপর্যন্ত ওই ভূমি অধিগ্রহণ করা থেকে পিছিয়ে যায় প্রশাসন। এরপর উপজেলা সদরে স্টেশন স্থাপনের জন্য পুনরায় জায়গা খোঁজার কাজ শুরু করে উপজেলা ভূমি কার্যালয়। এ প্রসঙ্গে মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে একটি জায়গা চিহ্নিত করে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে।’উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন এ প্রসঙ্গে জানান, জায়গা নির্ধারণপ্রক্রিয়া শেষ হলে স্টেশন স্থাপনের কাজ শুরু করা হবে। চলতি বছরের মধ্যে কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব বলেন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া গেছে। জায়গা অধিগ্রহণের কাজ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রক্রিয়াধীন আছে।