মিরসরাইয়ে ফসলি জমির টপসয়েল বিক্রি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) বিক্রি রোধ করা যাচ্ছে না। এসব মাটি ব্যবহার করা হচ্ছে ইট তৈরি ও বাড়িঘর নির্মাণে, জমি ভরাটে। ফলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে মিরসরাইয়ের প্রায় ২৬ হাজার হেক্টর আবাদি জমির কী পরিমাণ মাটি ইটভাটায় যাচ্ছে তার কোনো হিসাব নেই কৃষি কার্যালয়ে।সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে (শুভপুর সেতু থেকে বড় দারোগারহাট পর্যন্ত) খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া, করেরহাট ইউনিয়নের অলিনগর, ঘেড়ামারা, মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া, দুর্গাপুর ইউনিয়নের রায়পুর এলাকায় গিয়ে দেখা গেছে, সামান্য অর্থের লোভে একরের পর একর জমির উপরিভাগের মাটি কেটে বিক্রি করে দিচ্ছেন জমির মালিকেরা। একটি জমিতে একযোগে ১৮ থেকে ২০ জন শ্রমিক মাটি কাটার কাজ করছেন। পাশেই রয়েছে মাটি বহনের ট্রাক্টর। জমির প্রায় তিন থেকে সাড়ে তিন ফুট গভীর করে কাটা হচ্ছে মাটি। জমি থেকে পাশের ইটভাটা দুটিতে গিয়ে দেখা গেছে, মাটিগুলো সেখানেই স্তূপ করে রাখা হচ্ছে। শ্রমিকেরা জানান, তাঁরা প্রতিদিনই চুক্তিভিত্তিতে কাজ করেন। মাটিগুলো জমির মালিক থেকে ঠিকাদার (মাটির ক্রেতা) কিনে নিয়ে ইটভাটা, বাড়িঘর নির্মাণকাজে সরবরাহ করে।রায়পুর এলাকার কৃষক আলতাফ হোসেন জানান, এর আগের মৌসুমেও অন্য একটি জমিতে টপসয়েল কেটে নেওয়ায় এবার ফলন ভালো হয়নি। এ মৌসুমে যে গভীরতায় মাটি কাটা হচ্ছে তাতে পরবর্তী মৌসুমে সম্পূর্ণভাবে চাষের যোগ্যতা হারাবে জমিগুলো।মিরসরাইয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা শহীদ উদ্দিন জানান, মিরসরাইয়ে মোট ফসলি জমি রয়েছে ২৫ হাজার ৯১১ হেক্টর। এর মধ্যে এক ফসলি সাত হাজার ১২৫ হেক্টর, দুই ফসলি ১৪ হাজার ১৭০ হেক্টর, তিন ফসলি চার হাজার ২১০ হেক্টর। তিনি বলেন, ‘উপজেলার সবখানে আবাদি জমি থেকে ইটভাটার প্রয়োজনে টপসয়েল কেটে নেওয়া হচ্ছে। ফলে পরবর্তী মৌসুমে জমিতে ফসল উৎপাদনে চরম বিপাকে পড়বেন কৃষকেরা। এ ছাড়া নতুন নতুন বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় প্রতিবছর ফসলি জমির পরিমাণ কমছে।’ মিরসরাই ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা গেছে, উপজেলার ১৪টি ইটভাটায় প্রতি মৌসুমে গড়ে তিন কোটি ইট উৎপাদন হয়। প্রতি ২৫ ঘনফুট মাটি দিয়ে তৈরি হয় একটি ইট। বর্তমান সময়ে মিরসরাইয়ের ইটভাটাগুলোতে টপসয়েল দিয়ে মাটির জোগান দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘জমির মূল উর্বরতা শক্তি থাকে মাটির উপরিভাগে। আর এ উর্বরতা শক্তি সঞ্চয় করতে সময় লাগে ছয় থেকে সাত বছর। দীর্ঘ সময় ধরে চাষাবাদের পর একটি জমি যখন উর্বরতা শক্তি ফিরে পায় তখন ওই জমির উপরিভাগের মাটি বিক্রি করে দেওয়া হলে ফসল উৎপাদন কমে যায়। শুষ্ক মৌসুম শেষ হতেই শুরু হয় টপসয়েল বিকিকিনির মহোৎসব। কৃষকদের অসচেতনতা আর দারিদ্র্যকে পুঁজি করে টপসয়েল কিনে নেয় ইটভাটা মালিক ও মাটি বিক্রির সঙ্গে জড়িত দালালচক্র।