মিরসরাইয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের কাজ অবশেষে শুরু হলো। ২৪ ফেব্রুয়ারি মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া রেলস্টেশন সড়ক এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন।এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের জন্য উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। এ ব্যাপারে প্রতিশ্রুতিও দিয়েছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান জাফর উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার, মিরসরাইয়ের পৌর মেয়র এম শাহজাহান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক জসীম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, রবিউল হোসেন প্রমুখ।উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন বলেন, ‘প্রকল্পটির কাজ শুরুর মধ্য দিয়ে উপজেলার সাড়ে চার লাখ মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হতে চলল।’গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল আমিন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নির্মাণের জন্য এক কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।