মিরসরাইয়ে বাল্য বিবাহ প্রতিরোধ
মিরসরাইয়ে বাল্যবিবাহের হাত থেকে রেহাই পেল সপ্তম শ্রেণীর এক ছাত্রী (১২)। গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের নন্দনপুর গ্রামে ওই বিয়ে রোধ করে দেয় স্থানীয় এনজিও অর্গানাইজেশন ফর পুওর অ্যাডভান্সমেন্ট (অপকা) ও পুলিশ প্রশাসন। অপকার নির্বাহী প্রধান মো. আলমগীর জানান, নন্দনপুর গ্রামে সপ্তম শ্রেণীর এক ছাত্রীর সঙ্গে ইছাখালী ইউনিয়নের নন্দীগ্রামের হাজি নুরুল হকের ছেলে মো. এমরান হোসেনের (৩১) বিয়ে ঠিক হয়। গত ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। এ সময় অপকার প্রধান নির্বাহী মো. আলমগীর, সুজনের মিরসরাই উপজেলা শাখার সভাপতি জামশেদ আলম ও মিরসরাই থানার উপপরিদর্শক ফেরদৌস আলম বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বাল্যবিবাহ বন্ধের উদ্যোগ নেন। তাঁরা মেয়ের বাবা ও গ্রামবাসীকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝাতে সক্ষম হন এবং বিয়ের সব আনুষ্ঠানিকতা পরিহারের অনুরোধ জানান। একপর্যায়ে মেয়ে পক্ষ ও স্থানীয় চেয়ারম্যান মকছুদ আহমদ চৌধুরী আমন্ত্রিত অতিথিদের ভোজনের অনুমতি প্রার্থনা করেন এবং বিয়ের সব আনুষ্ঠানিকতা বন্ধ করে দেন। মিরসরাই থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম জানান, কনের বয়স কম হওয়ার সংবাদ পেয়ে ওই বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধের অনুরোধ জানালে উভয় পক্ষ সম্মত হয় এবং শুধু বিয়ের আনুষ্ঠানিকতা তাঁরা বন্ধ করে দেয়। মুঠোফোনে যোগাযোগ করলে বরের চাচা সলিম উল্যা মেয়ের বয়স কম হওয়ায় আপাতত বিয়ে হচ্ছে না বলে স্বীকার করেন।