মিরসরাইয়ে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে ইপসার মতবিনিময়
মিরসরাইয়ে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে উন্নয়ন সংস্থা ইপসা। ১৬ মার্চ খৈয়াছড়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভার প্রতিপাদ্য ছিল অভিবাসীদের ব্যাংকিং সেবা। সভায় সভাপতিত্ব করেন খৈয়াছড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। ইপসার মাইগ্রেন্টস রাইটস টু ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেসের (এমআরআইএস) কর্মসূচির আওতায় আয়োজিত এ সভায় দাতাসংগঠন রামরু এবং মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) নেতা ছাড়াও অভিবাসন অধিকার রক্ষা কমিটির নেতারাও উপস্থিত ছিলেন। ইপসার কর্মসূচি কর্মকর্তা অরূপ রতন ভৌমিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন রামরুর কর্মসূচি ব্যবস্থাপক মেরিনা সুলতানা, নিজামপুর কলেজের প্রভাষক জসিম উদ্দিন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মিরসরাই শাখার ব্যবস্থাপক মো. সানাউল্যাহ, পূবালী ব্যাংক বড়তাকিয়া শাখার ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, সোনালী ব্যাংক মিরসরাই শাখার ব্যবস্থাপক এফ এম দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অধিবাসীরা প্রায়ই সঠিক তথ্যের অভাবে দালালের খপ্পরে পড়ে প্রতারিত হচ্ছে। বক্তারা সব শ্রেণীর অভিবাসীর কথা মাথায় রেখে প্রবাসীকল্যাণ ব্যাংকের ঋণসুবিধা সহজলভ্য করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।