মিরসরাইয়ে মহাসড়কের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে বন বিভাগ ও এলাকার উপকারভোগীদের যৌথ বনায়নের গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা। ২০ সেপ্টেম্বর ভোর পাঁচটায় উপজেলার পান্তারপুকুর এলাকা থেকে ১৪ বছর বয়সী আটটি বড় মেহগনিগাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই এলাকা থেকে এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়ে যাওয়া হলেও বন বিভাগের লোকজনের নিষ্ক্রিয়তার কারণে দুর্বৃত্তরা পার পেয়ে যায় বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। পান্তাপুকুর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন জানান, ‘এলাকার চিহ্নিত সন্ত্রাসী নওশার নেতৃত্বে মোশাররফ হোসেন ও অপুসহ একদল সন্ত্রাসী মহাসড়কের গাছ কেটে সাবাড় করে ফেলছে। ২০ সেপ্টেম্বর সকাল আটটায় রাস্তার পাশে জঙ্গলে লুকিয়ে রাখা কিছু গাছ দেখে আমি প্রতিবাদ করলে গাছ চুরির সঙ্গে জড়িত লোকজন আমাকে মারধরের চেষ্টা করে। পরে দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কামাল উদ্দিন আমাকে উদ্ধার করেন।’ ইউপি সদস্য কামাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন। উল্লেখ্য, উপজেলার মিঠাছড়া বাজার এলাকা থেকে মাস্তাননগর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বন বিভাগ এবং এলাকার উপকারভোগীরা যৌথ বনায়ন করেন। অভিযোগ রয়েছে, জোরারগঞ্জ বনবিট কর্মকর্তার সঙ্গে গাছ চোরদের যোগসাজশ রয়েছে। তাই ২০ সেপ্টেম্বর মহাসড়কের গাছ চুরি হওয়ার পর ওইদিন সন্ধ্যা পর্যন্ত বিট কর্মকর্তা দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এমনকি চুরি হওয়া গাছের পরিমাপও (মেজারমেন্ট) করেননি। ওই দিন সন্ধ্যায় প্রথম আলো প্রতিনিধি ফোনে জানতে চাইলে তিনি (বিট কর্মকর্তা) চুরি যাওয়া গাছের সংখ্যা তিনটি বলে উল্লেখ করেন। স্থানীয় লোকজন আটটি গাছ চুরির অভিযোগ করেছেন জানানোর পর তিনি বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেন। সার্বিক বিষয় জানিয়ে সহকারী বন সংরক্ষক মো. হুমায়ূন কবিরের সঙ্গে আলাপ করার পর বিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম আটটি গাছ চুরির কথা স্বীকার করেন এবং পরে বিভাগীয় মামলা দায়ের করেন। জোরারগঞ্জ বনবিট কর্মকর্তা জাহাঙ্গীর আলম তাঁর বিরুদ্ধে গাছ চোরদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওই দিন চুরি যাওয়া আটটি গাছের মধ্যে আংশিক গাছ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।’ দুর্বৃত্তদের নাম জানাতে অস্বীকার করে তিনি বলেন, ‘নাম প্রকাশ করলে ওদের গ্রেপ্তারে সমস্যা হবে।’