মিরসরাইয়ে মাদকবিরোধী সমাবেশ ও শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে শপথ নিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থীসহ দুই হাজার যুবক। ১১ এপ্রিল উপজেলার বড়তাকিয়া সচেতন মাদকবিরোধী কমিটির উদ্যোগে সমাবেশ শেষে মাদকের বিরুদ্ধে শপথ অনুষ্ঠিত হয়। খৈয়াছড়া উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় সমমনা সংঘ, সোপান ক্লাব ও স্মরণিকা সংঘের আয়োজনে সমাবেশে মাদকবিরোধী কমিটির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিনের সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান শেখ আতাউর রহমান।মাদকবিরোধী কমিটির সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসীম উদ্দিন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুজ্জামান, সরওয়ার উদ্দিন, এস এম গোলাম সরওয়ার ও খৈয়াছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। সমাবেশ শেষে স্থানীয় প্রায় পাঁচ শ যুবকসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় হাজার শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান শেখ আতাউর রহমান। শপথ শেষে ঢাকা-চট্টগ্রাম বাইপাস (বিকল্প) সড়ক দিয়ে বড়তাকিয়া বাজার এলাকায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা বের করা হয়। এতে এলাকার সচেতন নাগরিক ছাড়াও খৈয়াছড়া উচ্চবিদ্যালয়, খৈয়াছড়া প্রাথমিক বিদ্যালয়, জাহেদিয়া দাখিল মাদ্রাসা, আবুল কাশেম বালিকা উচ্চবিদ্যালয়, এনসি প্রাথমিক বিদ্যালয়, খৈয়াছড়া আইডিয়াল কিন্ডারগার্ডেনের শিক্ষার্থী, বড়তাকিয়া বাজার কমিটি ও এলাকার সচেতন যুবকেরা অংশ নেন।