মিরসরাইয়ে মাল্টিপারপাস কোম্পানির প্রতারণার শিকার গ্রাহকেরা
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় প্রায় ২৫০ গ্রাহকের আমানত নিয়ে উধাও হয়ে গেছেন দেশ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। গ্রাহকদের দাবি, ৭০ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তাঁরা।সরেজমিনে পরিদর্শন এবং গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংস্থাটির তিনটি কার্যালয়ই গত ২৭ সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে। গ্রাহকের বিনিয়োগ ফেরত দেওয়ার সর্বশেষ নির্ধারিত তারিখ ছিল গত ১৫ অক্টোবর। এ জন্য বেশ কয়েকজন গ্রাহক সংস্থার করেরহাট কার্যালয়েও গিয়েছিলেন। কিন্তু কাউকে না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন তাঁরা।করেরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত বণিক ১৫ লাখ টাকা বিনিয়োগ করেন সংস্থার সঞ্চয় প্রকল্পে। তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর থেকে সংস্থার করেরহাট কার্যালয়ে তালা ঝুলছে। পরে তিনি ও অন্য কয়েকজন গ্রাহক বারৈয়ারহাটে সংস্থার প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, সেটি আরও আগে থেকে বন্ধ রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সংস্থার ফেনীর পরশুরাম কার্যালয়টিও বন্ধ রয়েছে। তিনটি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মুঠোফোনও বন্ধ রয়েছে বলে গ্রাহকেরা অভিযোগ করেছেন। কর্মকর্তাদের সন্ধানে গ্রাহকেরা তাঁদের বাড়িতে গিয়েও কাউকে পাননি। সুজন পাল নামের একজন বিনিয়োগকারী বলেন, ‘আমার বিনিয়োগকৃত তিন লাখ টাকা ফেরত দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি তাঁরা।’সংস্থার প্রধান কার্যালয়টি বন্ধ হওয়ার খবর পেয়ে সরেজমিনে দেখতে যান উপজেলা সমবায় কর্মকর্তা আশরাফ উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, ‘কয়েকজন গ্রাহকের মৌখিক অভিযোগের ভিত্তিতে বারৈয়ারহাটে গিয়ে বিষয়টির সত্যতা পেয়েছি। সংস্থার চেয়ারম্যানের বাড়ি মিঠানালা এলাকায়। তাঁদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।’ তিনি আরও বলেন, এ সংস্থার নিবন্ধন দেওয়া হয়েছিল কেবল ক্ষুদ্র সঞ্চয়ের জন্য। খোঁজ না নিয়ে অনেক গ্রাহক বিপুল পরিমাণ অর্থ এখানে বিনিয়োগ করেছেন।সরেজমিনে দেখা যায়, সংস্থার করেরহাট কার্যালয়টি তালাবদ্ধ। জানালার ফাঁক দিয়ে দেখা যায়, ভেতরে দামি আসবাবপত্রে পরিপূর্ণ। গ্রাহকদের মতে, দামি আসবাবপত্র দিয়ে কার্যালয় সাজানো হয়েছিল তাঁদের আকর্ষণ করার জন্য। খোঁজ নিয়ে জানা যায়, ২০০৬ সালে সমবায় অধিদপ্তরের নিবন্ধন (নম্বর ০৮৬৫৫) নিয়ে যাত্রা শুরু করে সংস্থাটি। প্রতারণা থেকে দূরে থাকা এবং গ্রাহকের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এর যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে গ্রাহকের টাকা শোধ করতে হিমশিম খায় সংস্থাটি। শুরু থেকে সংস্থার এ শাখার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এমন একাধিক গ্রাহকের দেওয়া তথ্যমতে, এ শাখায় গ্রাহকের সংখ্যা কমপক্ষে ২৫০ জন। এঁদের মোট বিনিয়োগ ৭০ থেকে ৮০ লাখ টাকা।সংস্থার চেয়ারম্যান মঈনুল আহসান উপজেলার মিঠানালা গ্রামের মৃত আবুল কালাম মাস্টারের ছেলে। ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার ভূঁঞা ইসমাইল ফেনীর পরশুরাম উপজেলার ধনীকুণ্ডা গ্রামের বাসিন্দা রুহুল আমিন ভূঁঞার পুত্র এবং করেরহাট শাখার ব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন ফেনীর সোনাগাজী উপজেলার সুজাপুর গ্রামের কাজীবাড়ির বাসিন্দা। এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলে সংস্থার চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও করেরহাট শাখা ব্যবস্থাপকের ব্যবহূত মুঠোফোন বন্ধ পাওয়া যায়।