মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর ঘোষণা
মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও শুভপুরে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে
মিরসরাইয়ে একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ, সম্মুখযুদ্ধের স্মৃতিচিহ্ন হিসেবে শুভপুর সেতু সংস্কার এবং সেতুসংলগ্ন এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এ ঘোষণা দেন। প্রতিমন্ত্রী গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার করেরহাট পশ্চিম জোয়ার গৌরগোবিন্দ সেবাশ্রমের ৭৯তম মহানাম যজ্ঞানুষ্ঠান, নাম সংকীর্তন ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডারদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন সময় পত্রিকায় দেখা যায়, মুক্তিযোদ্ধারা রিকশা চালাচ্ছেন, ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। উপজেলা পর্যায়ে এ রকম কোনো মুক্তিযোদ্ধা থাকলে তাঁকে ঢাকায় নিয়ে যাবেন। কারণ, মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মুক্তিযোদ্ধাকে অসহায় অবস্থায় দেখতে চান না।’ স্বপন চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক উপদেষ্টা জন ড্যানি লোইজ।