মিরসরাইয়ে শিল্পপার্ক গড়ে তোলার পরিকল্পনা
মিরসরাইয়ের উপকূলীয় এলাকায় প্রায় ১৭ হাজার একর জমির ওপর আধুনিক শিল্পপার্ক গড়ে তোলা হবে। এতে বিনিয়োগকারীদের সুবিধার জন্য উপকূলীয় বেড়িবাঁধ দিয়ে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে মিরসরাইয়ের মুহুরী প্রকল্প এলাকা পর্যন্ত ৬০ কিলোমিটার পাকা সড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ৩ মার্চ উপজেলার ইছাখালী চরাঞ্চলে শিল্পপার্কের জন্য প্রস্তাবিত জমি পরিদর্শন শেষে এ তথ্য জানান শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। নোয়াখালী জেলার দক্ষিণাঞ্চলকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার সরকারি পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। মন্ত্রী বলেন, মিরসরাইয়ের উপকূলীয় অঞ্চলে শিল্পপার্ক গড়ে তোলার জন্য চাহিদার চেয়েও বেশি খাসজমি রয়েছে। শিগগিরই আন্তমন্ত্রণালয়ের সভায় শিল্পপার্ক গড়ে তোলার বিষয়টি চূড়ান্ত করা হবে। পাশাপাশি যত দ্রুত সম্ভব ভূমি জরিপ অধিদপ্তরের মাধ্যমে দিয়ারা জরিপ সম্পন্ন করা হবে। শিল্পমন্ত্রী আশা করেন, এ অঞ্চলে আধুনিক শিল্পপার্ক গড়ে তোলা হলে তাতে সামগ্রিকভাবে দেশেরও উন্নয়ন হবে। পরিদর্শনের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তার হোসেন, পার্বত্য চট্টগ্রাম প্রকল্প পরিচালক (এলজিইডি) স্বপন কুমার দাশ, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ কুতুব, সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম, পৌরসভার মেয়র এম শাহাজাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে মিরসরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম বলেন, যত দ্রুত সম্ভব জরিপকাজ শেষ করা জরুরি। কারণ এসব কাজে দেরি হলেই নতুন নতুন জটিলতা তৈরি হয়। মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন এ প্রসঙ্গে বলেন, এখানে আধুনিক শিল্পপার্ক স্থাপনের জন্য চীন, জাপান ও কোরিয়ার মতো দেশ থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রস্তাব দেওয়া হয়েছে। দেশের কোথাও এরকম রাজপথ (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক), রেলপথ (ঢাকা-চট্টগ্রাম রেলপথ) ও সমুদ্রপথের (চট্টগ্রাম পোর্ট) কাছাকাছি অবস্থানে খালি জায়গা নেই। এসব সুবিধার কথা ভেবে প্রধানমন্ত্রী মিরসরাইয়ে শিল্পপার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, গত বছরের ২৯ ডিসেম্বর মিরসরাইয়ের মহামায়া প্রকল্প উদ্বোধন শেষে জনসভায় স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিরসরাইয়ে একটি শিল্পপার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন।