সরাসরি পণ্য বিক্রির বাজার ও হিমাগার দরকার
মিরসরাইয়ে শীতকালীন সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষক
মিরসরাইয়ে এবার শীতকালীন সবজির ফলন ভালো হয়েছে। কিন্তু আশানুরূপ দাম না পাওয়ায় কৃষকের মুখের হাসি মিলিয়ে গেছে। হিমাগারের অভাবে তাঁরা উত্পাদিত ফসল সংরক্ষণ করতে না পারায় পাইকারি বাজারে অপেক্ষাকৃত কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এ অবস্থায় কৃষকের জন্য সরাসরি পণ্য বিক্রির বাজার ও হিমাগার প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। উপজেলার করেরহাট, হিঙ্গুলী, জোরারগঞ্জ, খৈয়াছড়া ইউনিয়নসহ আমবাড়িয়া, তালবাড়িয়া, নিজতালুক, উত্তর ওয়াহেদপুর, মধ্যম ওয়াহেদপুর, দক্ষিণ ওয়াহেদপুর, মস্তাননগর এলাকায় প্রতি মৌসুমে বাণিজ্যিকভাবে শীতকালীন শাকসবজির চাষ করেন কৃষকেরা। উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, এবার উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় তিন হাজার ২৬৩ একর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। এসব সবজির মধ্যে বেগুন, টমেটো, মুলা, গাজর, বাঁধাকপি, ফুলকপি, শালগম, লাউ, মিষ্টি কুমড়া, করলা, বরবটি, শিম, চালকুমড়া, করলা অন্যতম। শাকের মধ্যে রয়েছে পুঁইশাক, পালংশাক, লালশাক, মুলাশাক ও মিষ্টি কুমড়াশাক। কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বড় দারোগারহাট, হাদিফকিরহাট, বড়তাকিয়া, বড় কমলদহ, ভাঙ্গাপোল রাস্তার মাথা, মাইলের মাথা, মিঠাছড়া, আবুতোরাবসহ বিভিন্ন বাজার থেকে ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে সবজি কিনে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। তবে এই বছর ফলন ভালো হলেও আশানুরূপ দাম না পাওয়ায় হতাশ কৃষকেরা। দক্ষিণ ওয়াহেদপুর এলাকার কৃষক মো. ছিদ্দিক হোসেন ও হিঙ্গুলী ইউনিয়নের আব্দুল কুদ্দুস বলেন, সার, কীটনাশকসহ কৃষিকাজে ব্যবহূত বিভিন্ন সামগ্রীর দাম অনুপাতে তাঁরা আশানুরূপ লাভবান হচ্ছেন না।বিভিন্ন বাজারে দেখা গেছে, কৃষকেরা পাইকারদের কাছে মুলা কেজি প্রতি এক টাকা, বাঁধাকপি পাঁচ টাকা, ফুলকপি সাত টাকা, টমেটো ১৩ টাকা, বরবটি ১৪ টাকা, লালশাক চার টাকা, পালংশাক পাঁচ টাকা দামে বিক্রি করছেন। কিন্তু খুচরা ব্যবসায়ীরা বিভিন্ন শাকসবজি বিক্রি করছেন প্রায় দ্বিগুণ দামে। কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় প্রায় ২০ হাজার কৃষক শীতকালীন সবজির চাষ করেন। তবে সারা বছর সবজি উত্পাদন করলেও হিমাগারের অভাবে উত্পাদিত পণ্য সংরক্ষণ করতে না পারায় বিপাকে পড়েন। এতে পাইকারদের কাছে নামমাত্র দামে শাকসবজি বিক্রি করতে বাধ্য হন। এ ছাড়া উত্পাদিত ফসল সরাসরি বিক্রির জন্য মিরসরাইয়ে কৃষকদের আলাদা কোনো বাজার নেই। প্রতিটি বাজারে স্থায়ী বিক্রেতারাই কৃষকদের কাছ থেকে পণ্য কিনে ভোক্তাদের কাছে বিক্রি করেন। কৃষক উত্পাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করতে পারলে লাভের অঙ্ক কিছুটা হলেও বাড়ত বলে সংশ্লিষ্টরা মনে করেন। কৃষি কার্যালয় সূত্রে আরও জানা যায়, বর্তমান সরকার সরাসরি কৃষকদের বাজার সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে সরকারের এনএটিপি (ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রজেক্ট) নামে একটি উদ্যোগ বাস্তবায়নাধীন রয়েছে। মিরসরাইয়ের অন্যতম সবজি উত্পাদন এলাকা শাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম প্রথম আলোকে জানান, কৃষকদের জন্য সরাসরি কৃষিপণ্য বিক্রির বাজার সৃষ্টি করতে হবে। এ ধরনের বাজার না থাকায় এ এলাকার কৃষকেরা পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না। পাশাপাশি সরকারি অথবা বেসরকারি উদ্যোগে একটি হিমাগার থাকলেও কৃষকেরা আর্থিকভাবে লাভবান হতেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, গ্রামভিত্তিক সবজি চাষিদের বিভিন্ন প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে। এ অঞ্চলে একটি হিমাগার প্রতিষ্ঠা করা হলে কৃষকেরা সঠিক দাম পেতেন এবং মিরসরাই থেকে বছরে কয়েক কোটি টাকার সবজি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হতো।