মিরসরাইয়ে শেষ হলো একুশের বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একুশ উদযাপন পরিষদের উদ্যোগে সাত দিনব্যাপী একুশের বইমেলা শেষ হয়েছে। উপজেলা পরিষদের উদ্যোগে ও উপজেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় ১৪ জন গুণী ব্যক্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ ছাড়া উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আবৃত্তি, দেশের গান, লোকসংগীতের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। একুশ উদযাপন পরিষদের মহাসচিব ও বারইয়ারহাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বোরহান উদ্দীন জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিযোগিতা দিয়ে শুরু হতো মেলার কার্যক্রম। বিকেল তিনটায় একুশের উপর আলোচনার পর প্রতিদিন বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পর্যায়ক্রমে সংবর্ধনা দেওয়া হয়েছে চিত্রপরিচালক মোস্তফা মেহমুদ, দুলাল জুবাইদ, জিন্নাতুল ফেরদৌস, কেফায়েত উল্লাহ, বেগম ফাহমিদা আমিন, ফাতেমা বেগম, গোফরানুল হক, শাহ্ আলম চৌধুরী, শামসুল আলম, আবু জাফর আহমদ, মোশাররফ হোসেন, জাফর আহমদ, জাবেদ ইকবাল, মেসবাহ-উল-আলমকে। বিগত সমাপনী পরীক্ষা ও অষ্টম শ্রেণীতে যারা বৃত্তি পেয়েছে, তাদের মধ্যে মোট ১৮ জনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মেলায় প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়েছে। এর মধ্যে প্রথম আলো বন্ধুসভা, জেবি উচ্চবিদ্যালয়, উপজেলা শিল্পকলা একাডেমী, জোরারগঞ্জ মহিলা কলেজ, কমরআলী উচ্চবিদ্যালয়, মিঠাছড়া উচ্চবিদ্যালয়, মিরসরাই কবিতা পরিষদ, প্রাথমিক শিক্ষা বিভাগের সাংস্কৃতিক অনুষ্ঠান ও যুগান্তর স্বজন সমাবেশের নাটক ববি, নব জাগরণ সমাজ কল্যাণ পরিষদের নাটক আরো একটি যুদ্ধ, হাজী চাঁনমিয়া উচ্চবিদ্যালয়ের নাটক বাঁধ ভেঙ্গে দাও, চট্টগ্রামের তির্যক নাট্যগোষ্ঠীর নাটক লজ্জা, মিরসরাই কবিতা পরিষদের নাটক ভাষা সৈনিক সবার নজর কেড়েছে। বই মেলায় বইয়ের দোকান (স্টল) ছাড়াও বিভিন্ন তৈজসপত্র নিয়ে পশরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা। একুশ উদযাপন পরিষদের চেয়ারম্যান ও মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন জানান, ‘আগামী প্রজন্মের জন্য একটি ইতিবাচক বাংলাদেশ গড়তে হলে এ ধরনের মেলার বিকল্প নেই।’