মিরসরাইয়ে শেষ হলো বৈশাখী ও লোকজ মেলা
মিরসরাইয়ে শেষ হলো দুই দিনব্যাপী বৈশাখী ও লোকজ মেলা। ২০-২১ এপ্রিল বড়তাকিয়া খইয়াছড়া উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।২০ এপ্রিল শুরুর দিন উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক বিনোদনপ্রিয় মানুষের উপস্থিতিতে জমে ওঠে মেলা।মেলার অন্যতম আকর্ষণ ছিল কাবাডি ও বলীখেলা। বিশেষ করে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া বলীখেলা দেখার জন্য হাজারো মানুষ ভিড় করেছিল খইয়াছড়া উচ্চবিদ্যালয় মাঠে।মেলা ঘুরে দেখা গেছে, মাটির তৈরি তৈজসপত্র, খেলনা, নানা রকম গৃহস্থালি সামগ্রীর পসরা সাজিয়ে বসেছিলেন বিভিন্ন স্থান থেকে আসা দোকানিরা। তৈজসপত্র ব্যবসায়ী আমিনুর রহমান জানান, অনেক দিন ধরে তিনি বিভিন্ন স্থানে মেলায় এসব জিনিসপত্র বিক্রি করে আসছেন। তবে গত সাত-আট বছরে গ্রামীণ পরিবেশে এমন জমজমাট উৎসব তিনি আর দেখেননি। মেলায় তাঁর বিক্রিও খুব ভালো ছিল বলে জানান তিনি।উপজেলার ইছাখালী থেকে আসা ব্যবসায়ী অশোক দাস বলেন, ‘প্লাস্টিকের ভিড়ে মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। এখানকার মতো বিভিন্ন উপজেলায় মেলার আয়োজন হলে এ শিল্প আবার প্রাণ ফিরে পাবে।’ অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারাও মেলায় লোকসমাগম ও বেচাবিক্রিতে সন্তুষ্ট। মেলা উদ্্যাপন কমিটির পক্ষ থেকে প্রদর্শনী স্টলগুলোতে গ্রামবাংলার বিলুপ্তপ্রায় নানা কৃষিজ ও দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী রাখা হয়। এর মধ্যে ছিল লাঙল-জোয়াল, মাছ ধরার চাঁই-ডুলা, ঢেঁকি, কুলা, চালনি ইত্যাদি। সন্ধ্যায় চ্যানেল আইয়ের সেরা কণ্ঠশিল্পী শুভ ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২১ এপ্রিল বলীখেলায় উপস্থিত ছিলেন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা) পরিচালক শেখ আতাউর রহমান, বড়তাকিয়া গ্রুপের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন, মো. শাহ আলম, মাঈন উদ্দিন চৌধুরী, সরওয়ার উদ্দিন, মমিনুল ইসলাম, মাহফুজুর রহমান, সোহরাব হোসেন প্রমুখ। খেলায় অংশ নেন ফেনী ও মিরসরাইয়ের নামকরা বলীরা। এঁদের মধ্যে সোনার মেডেল জিতে নেন মঘাদিয়ার মিজান বলী ও রূপা জেতেন ডোমখালীর নাজিম বলী।