মিরসরাইয়ে সুড়ঙ্গ-রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ের পাহাড়ে সম্প্রতি আবিষ্কার হওয়া সুড়ঙ্গ (গুহা) রহস্যের কোনো কূলকিনারা হয়নি। এ বিষয়ে র‌্যাব ও পুলিশের কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন রকম বক্তব্য। র‌্যাবের ধারণা, এসব সুড়ঙ্গের সঙ্গে কোনো জঙ্গিগোষ্ঠীর যোগ রয়েছে। আর পুলিশ বলছে, নাশকতার কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি।গত অক্টোবরের শেষের দিকে উপজেলার তালবাড়িয়া এলাকার পাহাড়ে দুটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া যায়। এরপর সম্প্রতি আরও একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছে। স্থানীয় লোকজনের মধ্যে অনেকের ধারণা, যুদ্ধক্ষেত্রে সৈনিকদের তৈরি বাঙ্কারসদৃশ এসব সুড়ঙ্গ কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের লক্ষ্যে কেউ খুঁড়ে থাকতে পারে। তবে কেউ কেউ বলছেন, এটি কোনো বন্য প্রাণীরই কাজ। উপজেলার বাজার, দোকান, রাস্তাঘাটসহ সব জায়গায় এখন এ নিয়ে আলোচনা চলছে। ২ নভেম্বর তালবাড়িয়া এলাকার পাহাড় পরিদর্শন শেষে র‌্যাব-৭-এর কর্মকর্তা ফরহাদ হোসেন সাংবাদিকদের জানান, এটি কোনো জঙ্গি সংগঠনের তৎপরতারই অংশ। সাধারণ মানুষ ৪০ ফুট দীর্ঘ ও তিন ফুট প্রশস্ত সুড়ঙ্গ খুঁড়তে যাবে না।এ বিষয়ে সীতাকুণ্ড সার্কেলের উপসহকারী পুলিশ সুপার সৈয়দ ইকবাল আলী প্রথম আলোকে বলেন, এটি কোনো নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ বলে মনে হয়নি। তবে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে তদন্ত শেষ হলে। সরেজমিনে তালবাড়িয়া এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা সনজিৎ বিশ্বাস, শেখ নবীও জয়নাল আবেদীন বলেন, ‘আমরা শুনেছি, এসব গুহায় অস্ত্র মজুদ করে রাখা হয়েছে। এমন গুঞ্জন এলাকাবাসীর মনে আতঙ্ক সৃষ্টি করেছে।’ এদিকে, মিরসরাইয়ের পাহাড়ে সুড়ঙ্গ আবিষ্কারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মুক্তিযোদ্ধা কমান্ড। মিরসরাই উপজেলার কমান্ডার কবির আহাম্মদ বলেন, ‘র‌্যাব বলছে এসব গুহার সঙ্গে জঙ্গিরা যুক্ত আছে। বিষয়টি খুবই উদ্বেগের। যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই এসব গুহা খনন করা হতে পারে।’ তবে তালবাড়িয়া এলাকার মো. জাগির হোসেন স্থানীয় লোকজনের ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন। তিনি বলেন, ‘পাহাড়ে বনরুইয়ের মতো অনেক ধরনের প্রাণী আছে যেগুলো খুব দ্রুত গর্ত খুঁড়তে পারে। এই গর্তগুলো এ ধরনের কোনো প্রাণী খুঁড়েছে।’ নাম প্রকাশ না করার শর্তে মিরসরাইয়ের এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানান, বাঙ্কার বলতে বোঝায় মাটির নিচে এমন একটি ঘর যেখানে সব ধরনের সুযোগ-সুবিধা পাওয়া যাবে। প্রয়োজনে থাকা-খাওয়ার সব ব্যবস্থা থাকবে। কিন্তু আবিষ্কৃত গর্তগুলোতে এ রকম কোনো সুযোগ-সুবিধা নেই বলে জানা গেছে। তাহলে ওই গর্তগুলোকে সুড়ঙ্গ বলা যেতে পারে, বাঙ্কার নয়। তিনি আরও বলেন, বনের অনেক প্রাণী আছে—যেমন হরিণ, বনছাগল ইত্যাদি। এদের ধরার জন্য এগুলো কোনো ফাঁদ কি না, তা-ও ভেবে দেখা দরকার। এ ছাড়া সরকারের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কেউ গর্তগুলো করেছে কি না, সে বিষয়েও খোঁজ নেওয়া দরকার।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান প্রথম আলোকে জানান, জঙ্গি তৎপরতা বা নাশকতামূলক কাজের জন্য এটা করা হয়েছে বলে মনে হয় না। কারণ একজন মানুষের বেশি ওই গর্তে ঢোকা সম্ভব নয়। তবে তদন্ত চলছে বলেও তিনি জানান।মিরসরাইয়ের সাংসদ মোশাররফ হোসেন এ প্রসঙ্গে বলেন, আসলেই বিষয়টি রহস্যজনক। তিনি স্বীকার করেন, বাঙ্কারে সব ধরনের সুযোগ-সুবিধা থাকতে হবে। কিন্তু এখানে সেটা যদি না থাকে তাহলে সেটি বাঙ্কার হবে না, হবে অন্য কিছু। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।