মিরসরাইয়ে সোয়াইন ফ্লু ভ্যাকসিন নিতে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে সোয়াইন ফ্লু প্রতিষেধক ভ্যাকসিন নিতে প্রতিদিন শত শত মানুষ ভিড় করছে মাস্তাননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভারতীয় সীমান্তবর্তী এলাকা মিরসরাইয়ের মানুষদের সোয়াইন ফ্লু প্রতিরোধের লক্ষ্যে ১৫ জুলাই থেকে সরকার বিনা মূল্যে সোয়াইন ফ্লু প্রতিষেধক ভ্যাকসিন দেওয়া শুরু করে। ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামালতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শৃঙ্খলা না থাকায় হাসপাতালে আসা লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। প্রচুর লোকসমাগমের পাশাপাশি ভ্যাকসিনস্বল্পতার কারণে সারা দিন অপেক্ষা শেষে অনেককে ফেরত যেতে হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা গেছে, কমপ্লেক্সের ইপিআই ভবনে ১০ জন স্বাস্থ্যকর্মী ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন। বাইরে শত শত নারী, পুরুষ, শিশু বিশৃঙ্খলভাবে ইপিআই ভবনে ঢোকার জন্য ধাক্কাধাক্কি করছেন। মঘাদিয়া এলাকা থেকে আসা কনা রানী দাশ জানান, গত ২৯ জুলাই সারা দিন অপেক্ষা করে ভ্যাকসিন না নিয়ে তিনি বাড়ি ফিরে যান। ওই দিন কার আগে কে ভ্যাকসিন নেবেন তা নিয়ে মানুষের মধ্যে হাতাহাতি লেগে যায়। মঙ্গলবার আবার এসে তিন ঘণ্টা ধরে অপেক্ষা করেও ভ্যাকসিন নিতে পারেননি। শিরিনা আক্তার (৪০), সাবুরা খাতুন (৫৫), ছখিনা বেগম (৫৮) ও মাবিয়া খাতুন (৬৫) জানান, ভ্যাকসিন নেওয়ার জন্য সকাল নয়টা থেকে দুইটা পর্যন্ত অপেক্ষা করেও ভিড়ের জন্য ইপিআই ভবনে ঢুকতে পারেননি তাঁরা। স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মো. শহীদুল্লাহ জানান, মিরসরাইয়ে তিন স্তরে সোয়াইন ফ্লু ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। প্রথম স্তরে গত মে মাসে উপজেলার স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় স্তরে জুনে গর্ভাবস্থায় যাঁরা শেষ তিন মাসে পৌঁছেছেন তাঁদের এবং পল্লিচিকিৎসকদের দেওয়া হয়েছে। তৃতীয় স্তরে ১৫ জুলাই থেকে হূদরোগ, কিডনি, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, যক্ষ্মাসহ মারাত্মক ও দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তদের ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে। কিন্তু সাধারণ মানুষ ভ্যাকসিনের জন্য ভিড় করায় সেবাদানকারী কর্মীদের অসুবিধায় পড়তে হচ্ছে। সহকারী স্বাস্থ্য কর্মকর্তা কবির হোসেন ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাহাবুদ্দিন জানান, মিরসরাই স্বাস্থ্য কমপ্লেক্সে সোয়াইন ফ্লুর এইচ-ওয়ান, এন-ওয়ান ভাইরাস প্রতিষেধক সরবরাহ করা হয়েছে তিন হাজার ৩০০ ভায়াল। প্রতিটি ভায়াল থেকে সর্বোচ্চ ১০ রোগীকে ডোজ দেওয়া হলে ৩৩ হাজার রোগীকে ভ্যাকসিন দেওয়া যাবে। প্রথম দিকে ভ্যাকসিন নিতে আসা মানুষের সংখ্যা কম হলেও এখন প্রতিদিন আড়াই-তিন হাজার রোগীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভায়াল থাকলে ১৪ আগস্ট পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার কাজ চলবে।