মিরসরাইয়ে সড়কের করুণ হাল
বর্ষায় মিরসরাইয়ের দুই পৌরসভার বড় বড় বাজার ও গ্রামীণ সংযোগ সড়কগুলোর অবস্থা করুণ হয়ে পড়েছে। সড়কের পাশে দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিপাতে পানি জমে। পানি নামার পর কাদায় ভরে যায়। প্রতিটি সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত। বছরের পর বছর ধরে সংস্কারের কোনো ব্যবস্থা নেই। ফলে পথচারী, যানবাহন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। সম্প্রতি প্রথম শ্রেণীতে উন্নীত বারইয়ারহাট পৌরসভার ব্যবসায়ী বারইয়ারহাট-শান্তিরহাট সড়কের দুই পাশে পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। ফলে বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। একাধিকবার সড়কটি সংস্কারের কথা শোনা গেলেও বাস্তবে কিছুই হয়নি। পৌরসভার বারইয়ারহাট-করেরহাট সড়ক এবং কাঁচাবাজার সড়কেও কাদার জন্য হাঁটা যায় না। জোরারগঞ্জ বাজারের প্রধান সড়কটি দখল করে রাখে রিকশা ও সিএনজি অটোরিকশাচালকেরা। বাজারে পয়োনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি কাঁচাবাজার ও মাছবাজারের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। ফলে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়েন।দ্বিতীয় শ্রেণীর পৌরসভা মিরসরাইয়ের উপজেলা সড়ক, কলেজ রোড, মাতৃকা হাসপাতাল সড়কেরও করুণ দশা। উপজেলা সড়ক ও কলেজ সড়ক সারা বছর কাদাময় হয়ে থাকে। বৃষ্টিপাত হলে তো আর কথা নেই। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দুইটি সড়কের পাশে অপরিকল্পিতভাবে ড্রেন তৈরি ও নিয়মিতভাবে ড্রেন পরিষ্কার না করার ফলে বৃষ্টির সময় সড়কগুলোতে পানি জমে থাকে। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে মাতৃকা হাসপাতাল সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন প্রসূতিসহ আশঙ্কাজনক রোগী আসা-যাওয়া করলেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই। মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম বলেন, সড়ক সংস্কারের জন্য বার বার জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাওয়া যায়নি। হাদি ফকিরহাটের একমাত্র সড়কটিতেও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, এটিও সারা বছর কাদাময় হয়ে থাকে। এ ছাড়াও উপজেলার মঘাদিয়া এলাকার সাধুরহাট-মিরসরাই সড়ক, রাজাবিবি সড়ক, ওয়াহেদপুর ও খইয়াছড়া ইউনিয়নের সীমান্তবর্তী কাজীপাড়া সড়ক, সরকার হাট-দমদমা সড়ক, জোরারগঞ্জ-আবুরহাট সড়ক, জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়ক, সাতবাড়িয়া হিন্দুপাড়া সড়কসহ অর্ধশতাধিক সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।এ প্রসঙ্গে বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. আবু তাহের ও মিরসরাই পৌরসভার মেয়র এম শাহজাহান জানান, সম্প্রতি তাঁরা নির্বাচিত হয়েছেন। যত দ্রুত সম্ভব গুরুত্বপূর্ণ সড়কগুলো তাঁরা সংস্কারের উদ্যোগ নেবেন।