মিরসরাইয়ে হতাহতদের সাহায্যে এগিয়ে এসেছে অগ্রণী ব্যাংক
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় হতাহতদের সাহায্যে এগিয়ে এসেছে অগ্রণী ব্যাংক। নিহতদের পরিবারপ্রতি ১০ হাজার এবং আহতদের পরিবারপ্রতি পাঁচ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। ১৮ জুলাই এক স্মরণ সভায় ব্যাংকের পক্ষে অনুদানের অর্থ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সাংসদ মোশাররফ হোসেন। আবুতোরাব প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের মহাব্যবস্থাপক আ আ ম শাহজাহানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ব্যাংকের পরিচালক শাহজাদা মহিউদ্দিন, মিরসরাই উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, অগ্রণী ব্যাংক কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক হারুণুর রশিদ চিস্তি, বিজয় বড়ুয়া, মো. শাহ আলম প্রমুখ। প্রধান অতিথি শোকগ্রস্ত পরিবারের প্রতি সাহায্য ও সমবেদনা জানাতে এগিয়ে আসায় অগ্রণী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান। সভাপতির বক্তব্যে মো. শাহজাহান বলেন, ‘নিহতদের কেউ বিজ্ঞানী, কেউ চিকিৎসক, বুদ্ধিজীবী কিংবা খ্যাতনামা কোনো ব্যক্তি হতে পারত। তাদের নিয়ে স্বপ্ন ছিল মা-বাবা, অভিভাবকদের। তাঁদের শোক সহসা মুছে দেওয়া যাবে না।’ তিনি যানবাহনে চলাচলের ক্ষেত্রে ভবিষ্যতে যেকোনো দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকার জন্য চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।