মিরসরাইয়ে ৪৪ বিদ্যালয়ের মধ্যে কম্পিউটার আছে ১৩টিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে কম্পিউটার আছে ১৩টিতে। এর মধ্যে কেবল চারটি বিদ্যালয়ে কম্পিউটারবিষয়ক শিক্ষক আছেন। আবার যেসব বিদ্যালয়ে কম্পিউটার আছে সেগুলোর বেশির ভাগই নষ্ট। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস জানান, জোরারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়, মিরসরাই পাইলট উচ্চবিদ্যলয়, গোলকেরহাট পিএন বালিকা উচ্চবিদ্যালয়, আবুরহাট উচ্চবিদ্যালয়, আবুতোরাব উচ্চবিদ্যালয়, জনার্দনপুর উচ্চবিদ্যালয়, ঝুলনপোল উচ্চবিদ্যালয়, মিঠানালা উচ্চবিদ্যালয়, জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়, খইয়াছড়া উচ্চবিদ্যালয়, সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়, ধুমঘাট হাজী চানমিয়া উচ্চবিদ্যালয় ও নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয়ে কম্পিউটার আছে। তিনি আরও জানান, কোনো প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয়, কোনো প্রতিষ্ঠান শিক্ষা বোর্ড, আবার কোনো প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে কম্পিউটার সংগ্রহ করেছে। মাত্র তিনটি বিদ্যালয়ে সরকারিভাবে নিয়োগ পাওয়া শিক্ষক আছেন কম্পিউটার বিষয়ে পড়ানোর জন্য। অনেক বিদ্যালয়ে সঠিক যত্নের অভাবে, কর্তৃপক্ষের অবহেলায় কম্পিউটার নষ্ট হয়ে আছে বলেও জানান তিনি। কম্পিউটার শিক্ষক থাকা আবুতোরাব উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাফর সাদেক প্রথম আলোকে জানান, ২০০৪-০৫ সালে শিক্ষা বোর্ড থেকে দুইটি ও একজন শিক্ষানুরাগীর (এম এমরান চৌধুরী) কাছ থেকে দুইটিসহ চারটি কম্পিউটার পেয়েছিলেন। বর্তমানে একটি নষ্ট, বাকি তিনটা চালু আছে। নবম শ্রেণীতে ১২ ও দশম শ্রেণীতে ১৪ জন শিক্ষার্থী আছে। নিজামপুর মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ২০০৩ সালে শিক্ষা বোর্ড থেকে দুইটি কম্পিউটার পেয়েছিলেন। বর্তমানে সেগুলো নষ্ট। পরে শিক্ষানুরাগী এক ব্যক্তির কাছ থেকে পাওয়া একটি কম্পিউটার বর্তমানে চালু আছে। এখানে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ওই কম্পিউটার দিয়েই পাঠদান করছেন। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী রয়েছে। মিরসরাই পাইলট উচ্চবিদ্যালয়ে সচল কম্পিউটার আছে একটি। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আবসার জানান, ১৯৯৯ সালে কম্পিউটার কাউন্সিল থেকে একটি ও ২০০৫ সালে শিক্ষা বোর্ড থেকে দুইটি কম্পিউটার পেয়েছিলেন। বর্তমানে এ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে ৩২ জন শিক্ষার্থী কম্পিউটার বিষয়ে পাঠ নিচ্ছে। সরকারিভাবে একজন শিক্ষকও রয়েছেন। ধুমঘাট হাজি চানমিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হারাধন দাশ জানান, এবারই কম্পিউটার শিক্ষক নিয়োগের অনুমোদন পেয়েছে বিদ্যালয়টি। আগামী বছর থেকে পাঠদান শুরু হবে। শিক্ষা বোর্ড থেকে তাঁরা দুইটি কম্পিউটার পেয়েছেন বলে জানান।সরকারহাট এনআর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রিয়তোষ নাথ জানান, তাঁর প্রতিষ্ঠান প্রধানমন্ত্রীর কাছ থেকে একটি, শিক্ষা বোর্ড থেকে দুইটি ও মন্ত্রণালয় থেকে দুইটি ল্যাপটপ পেয়েছে। এর মধ্যে দুইটি বিকল ও তিনটি চালু আছে। জনবল কাঠামোর কারণে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তাঁরা কম্পিউটার বিষয়ে কোনো শিক্ষক নিয়োগ দিতে পারছেন না। তবে প্রশিক্ষণ নিয়ে তিনি এবং অপর একজন শিক্ষক নবম ও দশম শ্রেণীর ১০ শিক্ষার্থীকে পাঠদান করছেন। এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাস করা জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুবাস সরকার জানান, সরকারিভাবে তাঁরা দুইটি এবং একটি প্রতিষ্ঠানের উদ্যোগে দুইটি কম্পিউটার সংগ্রহ করেছেন। সরকারিভাবে দেওয়া (২০০৬-০৭) কম্পিউটারগুলোর যন্ত্রাংশ নিম্নমানের। তিনি বলেন, অনেক যত্ন করার পরেও সেগুলো বেশিদিন সচল রাখা যায়নি। বর্তমানে নিজেদের কেনা কম্পিউটার দিয়ে নবম ও দশম শ্রেণীর ১৫ শিক্ষার্থীকে পাঠদান করছেন স্বল্প প্রশিক্ষিত একজন শিক্ষক।ধুম ইউনিয়নের গোলকেরহাট পিএন বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দীন জানান, সংসদ সদস্য মোশাররফ হোসেনের পরিবারের কাছ থেকে তারা পাঁচটা কম্পিউটার পেয়েছিলেন। বর্তমানে সবই নষ্ট হয়ে আছে। সংসদ সদস্যের পরিবার থেকে বার বার আশ্বাস দেওয়া হলেও নতুন কোনো কম্পিউটার পাওয়া যায়নি। এ বিষয়ে কোনো শিক্ষক বা শিক্ষার্থী নেই ওই বিদ্যালয়ে।উপজেলার সবচেয়ে বেশি শিক্ষার্থী আছে খইয়াছড়া উচ্চবিদ্যালয়ে। প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন প্রথম আলোকে জানান, ১৬০ জন শিক্ষার্থী কম্পিউটার বিষয়ে পাঠ নিচ্ছে। কম্পিউটার ছিল সাতটা। চালু আছে পাঁচটা। কম্পিউটার বিষয়ে সরকারিভাবে কোনো শিক্ষক নেই। বিদ্যালয়ের একাধিক শিক্ষক প্রশিক্ষণ নিয়ে এ বিষয়ে পাঠদান করছেন।এদিকে, সীতাকুণ্ডে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোতে শিক্ষক আছে তো কম্পিউটার নেই। কম্পিউটার আছে তো বিদ্যুতের সংযোগ নেই। নেই শিক্ষকদের প্রয়োজনীয় যোগ্যতা। বিদ্যালয়ের সহকারী শিক্ষককে দিয়ে কম্পিউটার শিক্ষার অতিরিক্ত ক্লাস নেওয়া হয়। সে ক্ষেত্রে ওই শিক্ষককে কোনো কম্পিউটার শিক্ষার দোকান থেকে প্রাথমিক ধারণা নিতে হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৪৬টি। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ৩০টি ও দাখিল মাদ্রাসা ১৬টি। সরকার ২০০১-০২ অর্থবছরে বিভিন্ন সময়ে প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় দুইটি করে কম্পিউটার দিয়েছে। এর বেশির ভাগই বর্তমানে অচল। ১৬টি মাদ্রাসার মধ্যে সাতটিতে কম্পিউটার নেই। কোনো কোনো বিদ্যালয়ে নিজেদের উদ্যোগে কম্পিউটার সংগ্রহ করেছে। সম্প্রতি হামিদ উল্লাহহাট উচ্চবিদ্যালয়ে দেখা যায়, প্রধান শিক্ষকের কক্ষের একপাশে বেঞ্চের ওপর কাপড়ে ঢাকা একটি কম্পিউটার পড়ে আছে। প্রধান শিক্ষক আবু তাহের জানান, মাঝেমধ্যে কম্পিউটার চালানো হয়। দশম শ্রেণীর ছাত্র রুহুল আমিন ও আনোয়ার হোসেন দাবি করেছে, ‘কোনো দিনই আমাদের ব্যবহারিক ক্লাস করানো হয়নি।’সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ে সরকারিভাবে ছয়টি কম্পিউটার দেওয়া হয়েছে। পরে নিজেদের উদ্যোগে আরও দুইটি কম্পিউটার নিয়েছে। এর মধ্যে বর্তমানে চারটি অচল। কম্পিউটার শিক্ষক নেই। বিদ্যালয়ের ২০ জন কম্পিউটার শিক্ষার্থীকে মো. আহসান উল্লাহ ও হামিদুল হক নামে দুই সহকারী শিক্ষক প্রশিক্ষণ দেন। বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নুরুল আবছার, ক্লিনটন ধর ও লিটু দাশ জানান, প্রশিক্ষিত শিক্ষক না থাকায় বিদ্যালয়ের দুই শিক্ষককে কম্পিউটার বই দেখে পড়াতে হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলা রাণী ভট্টাচার্য জানান, ‘নিয়োগপ্রাপ্ত শিক্ষক না থাকায় কম্পিউটার শিক্ষা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে।’ শেখেরহাট উচ্চবিদ্যালয়ে দুইটি কম্পিউটার আছে তবে ব্যবহার না করায় অকেজো হয়ে পড়েছে। কম্পিউটার শিক্ষক নেই। বিদ্যালয়ে বিদ্যুতের সংযোগও নেই। প্রধান শিক্ষক জহুরুল আলম জানান, ‘ব্যবহারিক ক্লাসের সময় মাঝেমধ্যে জেনারেটর দিয়ে কম্পিউটার চালানো হয়। এ বিদ্যালয়ে দশম শ্রেণীর সাতজন শিক্ষার্থী এ বিষয়ে পড়ে।’ টেরিয়াইল উচ্চবিদ্যালয়ে সরকারি দুইটি ছাড়া আরও তিনটি কম্পিউটার আছে। কম্পিউটার বিষয়ে শিক্ষার্থী আছে ২৫ জন। প্রধান শিক্ষক গাজী শামসুল আলম জানালেন, ‘মান ভালো না থাকায় সরকারিভাবে পাওয়া কম্পিউটারগুলো অকেজো অবস্থায় পড়ে আছে। শিক্ষার্থীদের আগ্রহ দেখে নিজেদের উদ্যোগে আরও তিনটি কম্পিউটার কেনা হয়েছে।’ মাদ্রাসা-এ মুহাম্মদিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় দুইটি কম্পিউটারের মধ্যে দুইটিই নষ্ট। মাদ্রাসার অধ্যক্ষ ইমাম হোসেন জানালেন, ‘শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষার প্রতি আগ্রহ নেই।’ বগাচতর মাদ্রাসায় বিদ্যুতের সংযোগ নেই। একটি কম্পিউটার আছে। কিন্তু তা-ও দীর্ঘদিন ধরে নষ্ট।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন জানান, ‘আটটি বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। অন্যগুলোতে সহকারী শিক্ষক দিয়ে কম্পিউটার শিক্ষা দেওয়া হচ্ছে। ফলে কম্পিউটার শিক্ষার প্রতি শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারছে না।’ উপজেলার কম্পিউটার শিক্ষার বাস্তব চিত্র জেলা শিক্ষা কার্যালয়ে জানানো হয়েছে বলে জানান তিনি।