মিরসরাইয়ের পাঁচ গ্রামে বিষণ্ন ঈদ
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। কিন্তু এই খুশির কোনো আবেশ ছিল না মিরসরাইয়ের সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্রদের পরিবারের সদস্যদের চোখে-মুখে। তাঁদের ঈদ কেটেছে নিরানন্দে, শোকের দীর্ঘশ্বাস বুকে নিয়ে।গত ৩১ আগস্ট বুধবার ঈদের দিন মিরসরাইয়ের অন্য সব গ্রামেও জেগেছিল আনন্দের ঢেউ। আনন্দ ছিল না শুধু উপজেলার মায়ানী ও মঘাদিয়া ইউনিয়নের পাঁচ গ্রামের ৩২টি পরিবারে।সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের (নিহত ৪১ জনের ৩২ জন মুসলমান) কবর জিয়ারত করতে গিয়ে ঈদের দিন স্বজনদের বুকে নতুন করে জেগে ওঠে হাহাকার। অন্য এলাকায় যখন সবাই পরিবার-পরিজন নিয়ে আনন্দ করছিল, তখন স্বজন হারানো পরিবারগুলো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছিল। মনে করতে চেষ্টা করছিল গত ঈদে তার প্রিয় সন্তান কোন বিষয়ে আবদার করেছিল? সেই আবদারের কতটুকু মেটাতে পেরেছিল তারা?দুর্ঘটনাস্থল পেরিয়ে কয়েক শ গজ গেলেই আবুতোরাব ফাজিল মাদ্রাসার নিহত ছাত্র মো. সাইদুল ইসলামের বাড়ি। বাড়িতে গিয়ে কথা হয় তার বাবা মো. কামাল উদ্দিনের সঙ্গে। ঈদ প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, ‘আর ঈদ। কোনো রকমে ঈদের জামাত পড়ে সাইদুলের কবরের পাশে গিয়ে বসেছিলাম। তার মা জাহানারা বেগম সাইদুলের মৃত্যুর পর থেকে অস্বাভাবিক আচরণ করছে। ঈদের দিন সারাক্ষণ সে শুধু সাইদুলের নাম ধরে কেঁদেছে। আর সাইদুলের সহপাঠীরা দেখা করতে এলে তাদের মধ্যে সাইদুলকে খুঁজে বেড়িয়েছে।’আবু তোরাব ‘আমার স্কুল’-এর পঞ্চম শ্রেণীর ছাত্র প্রয়াত সাখাওয়াত হোসেনের বাড়িতে গিয়ে দেখা গেছে, হারানো আদরের সন্তানের জন্য কাঁদতে কাঁদতে ঈদের কথা যেন ভুলে গেছেন তার মা নাজমা আক্তার। কান্নার জন্য তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।একইভাবে সড়ক দুর্ঘটনায় নিহত তোফাজ্জল হোসেন, জাহেদুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. মনজুর মোরশেদের মা-বাবা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী—সবাই ঈদের দিন কেঁদেছেন। নিহত ছাত্রদের সহপাঠীরা বাড়ি বাড়ি গিয়ে বেঁচে থাকা স্বজনদের সান্ত্বনা দিয়েছে, কবর জিয়ারত করেছে। অনেকে বন্ধুর কথা মনে করে বুক ভাসিয়েছে প্রকাশ্যে, নীরবে। ঈদের দিন আশপাশের শিশুরা যখন এঘর-ওঘর ঘুরে আনন্দে মাতোয়ারা, তখন নিহত ছাত্রদের পরিবারের সদস্য ও বন্ধুদের কান্নার এমন দৃশ্য পুরো পরিবেশটাকেই ভারী করে তুলেছিল।এলাকার জনপ্রতিনিধিরা ঈদের দিন নিহত ছাত্রদের বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। মায়ানী ইউপির চেয়ারম্যান কবির নিজামী বলেন, ‘ঈদের দিন ঘুম থেকে উঠে বেশ কয়েকজন নিহত ছাত্রের বাড়ি গিয়েছিলাম। ঈদ নতুন করে শোক জাগিয়ে তুলেছিল সবার মনে। আমার ইউনিয়নের ২৪ জন শিশু-কিশোর মারা গেছে ওই দুর্ঘটনায়। আমিও স্বাভাবিকভাবে কোনো কাজ করতে পারিনি ঈদের দিন। শোকের এমন অনুভূতি খুব কষ্টের, যা ভাষায় ব্যক্ত করার মতো নয়।’ তিনি জানান, এখানকার প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়েছে নিহত ছাত্রদের জন্য।প্রসঙ্গত, গত ১১ জুলাই মিরসরাই সদর থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে বড়তাকিয়া-আবু তোরাব সড়কে ছাত্রদের বহনকারী ট্রাক উল্টে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এতে ৩৯ জন ছাত্রসহ ৪১ জনের প্রাণহানি ঘটে।